ভার্চুয়াল সভায় সেলিম মাহমুদ

বিদেশি হস্তক্ষেপ চেয়ে মির্জা ফখরুলের চিঠি সর্বোচ্চ অপরাধ

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২২, ১২:২৫ এএম

দেশের বিরুদ্ধে বিদেশি হস্তক্ষেপ চেয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের চিঠি পাঠানো সংবিধান অনুযায়ী সর্বোচ্চ অপরাধ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ। তিনি বলেছেন, ‘বিএনপি এবং তার সহযোগী কিছু ব্যক্তিবর্গ বিগত কয়েক বছর ধরে বাংলাদেশ রাষ্ট্রের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রে লিপ্ত। সাম্প্রতিককালে এই ষড়যন্ত্র প্রকাশিত হওয়ায় বঙ্গবন্ধুকন্যা রাষ্ট্রনায়ক শেখ হাসিনার সরকার ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে অভিযান শুরু করে। শেখ হাসিনা সরকারের শক্তিশালী তৎপরতায় ষড়যন্ত্রকারীরা পিছু হটতে শুরু করেছে।’

গত বৃহস্পতিবার সন্ধ্যায় দলের তথ্য ও গবেষণা উপকমিটির এক ভার্চুয়াল সভায় এসব কথা বলেন তিনি।

ড. সেলিম বলেন, ‘মির্জা ফখরুল নিজে স্বাক্ষর করে যে সকল চিঠি যুক্তরাষ্ট্রের বিভিন্ন দপ্তরে পাঠিয়েছেন, তার মর্মার্থ হচ্ছেÑ বিএনপি এবং তার সহযোগীরা বাংলাদেশের উন্নয়ন ও অর্থনীতি এবং এদেশের কোটি কোটি মানুষের ভাগ্য জলাঞ্জলি দিয়ে শুধু নিজেদের স্বার্থ হাসিল করতে চাইছে। এমনকি তারা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিকিয়ে দিতেও কুণ্ঠিত নন। মির্জা ফখরুলের পত্রে সেই ইঙ্গিতই রয়েছে। এই পত্রসমূহে বাংলাদেশের বিরুদ্ধে একটি বিদেশি শক্তির হস্তক্ষেপ চেয়ে তিনি যে অপরাধ করেছেন, সেটি আমাদের সর্বোচ্চ আইন সংবিধানের অনুচ্ছেদ ৭ক (১) (খ)-এর বিধান অনুযায়ী সর্বোচ্চ অপরাধ। একটি স্বাধীন রাষ্ট্রের বিরুদ্ধে এর চেয়ে বড় অপরাধ আর হতে পারে না।’ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা উপকমিটি বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে উদ্ভাবনীমূলক নানা পদ্ধতিতে রাষ্ট্রবিরোধী নানা অপপ্রচারের বিরুদ্ধে সক্রিয় ভূমিকা রাখছে বলে জানান তিনি।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপকমিটির সদস্য জাকিয়া পারভীন খানম এমপি, প্রফেসর ড. অসীম সরকার, ব্যারিস্টার সৌমিত্র সর্দার, আমেনা কোহিনুর প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত