বিক্রির পর মায়ের কোলে ফেরা সেই নবজাতকের পাশে পুনাক

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২২, ০৭:৩৬ পিএম

দারিদ্র্যের কারণে হাসপাতাল বিল দিতে ব্যর্থ হওয়ায় বিক্রি করে দেওয়া নবজাতক অবশেষে মায়ের কাছে ফিরেছে। এবার অসহায় পরিবারটির পাশে আর্থিক সহায়তা নিয়ে দাঁড়িয়েছে পুলিশ নারী কল্যাণ সমিতি-পুনাক।

জানা যায়, নবজাতককে এক নিঃসন্তান দম্পতির বিক্রি করে দেয়ার পর মা তামান্না বেগম মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন।

পরবর্তীতে এই সংবাদ পুলিশ ও প্রশাসনের নিকট পৌঁছালে বিক্রিকৃত নবজাতক শিশু সন্তানকে চাঁদপুরের মতলব উত্তরের ষাটনল এলাকা থেকে উদ্ধার করে মা তামান্না বেগমের কাছে হস্তান্তর করা হয়।

শনিবার পুনাকের পক্ষ থেকে নবজাতক ছেলে সন্তানের জন্য শিশু উপহার সামগ্রী ও নগদ টাকা প্রদান করেন পুনাক চাঁদপুরের সভানেত্রী ডা. আফসানা শর্মী।

ডা. আফসানা শর্মী বলেন, সভানেত্রী জীশান মির্জার দেখানো পথে পুনাক চাঁদপুর সবসময় অসহায় হতদরিদ্র মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। চাঁদপুরে যত দিন থাকব, এই নবজাতক সন্তানের দেখাশোনা করে যাব। এছাড়া নবজাতক সন্তানের বাবার জন্য কর্ম ব্যবস্থা করে দেব, যেন এই পরিবার সুখে থাকতে পারে।

এ সময় পুনাক চাঁদপুরের দপ্তর সম্পাদক ইশানা আরাফাত, সাধারণ সম্পাদক শাহীনা বেগম ও পুনাক সদস্য সোনিয়া কামাল উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত