নোয়াখালীতে নৌকা-স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত ৩০

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২২, ০৯:৫২ পিএম

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরজব্বার ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে নৌকার প্রার্থী তরিকুল ইসলাম বিএসসি ও স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট ওমর ফারুকের সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন।

শনিবার দুপুর ১টার দিকে উপজেলার চরজব্বার ইউনিয়নের চরহাসান ভূঁইয়ারহাট বাজারে এ ঘটনা ঘটে।

এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ৫৫ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে সংঘর্ষকারীদের ছত্রভঙ্গ করে দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে ৮ জনকে আটক করে। আহতদের মধ্যে ২৫ জনকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, চরজব্বার ইউনিয়নের ছাঁইয়াখালী বাজারে স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট ওমর ফারুক তার নির্বাচনী কাজে বাধা ও হুমকি-ধামকির প্রতিবাদে ও সুষ্ঠু নির্বাচনের দাবিতে সাংবাদিক সম্মেলন করেন। পরে গাড়িবহর নিয়ে চরহাসান ভূঁইয়ার হাটে পৌঁছালে নৌকার সমর্থকদের সঙ্গে স্বতন্ত্র আনারস প্রতীকের সমর্থকেরা মুখোমুখি হয়। এ সময় উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। মুহূর্তেও মধ্যে রণক্ষেত্রে পরিণত হয়। মানুষ ভয়ে ও আতঙ্কে দিগ্‌বিদিক ছোটাছুটি করতে থাকে।

সংঘর্ষে স্থানীয় সাংবাদিক আবদুল বারী বাবলুসহ উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হন। এ ছাড়া ১৫-২০টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে। এ ঘটনায় ওই ইউনিয়নে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সংঘর্ষের ঘটনায় উভয় প্রার্থী পাল্টাপাল্টি হামলার অভিযোগ করেছেন।

স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ও সুবর্ণচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ ওমর ফারুক অভিযোগ করে বলেন, শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠানের দাবিতে চরজব্বার ইউনিয়নের ছাঁইয়াখালী বাজারে রবিবার দুপুর ১২দিকে সংবাদ সম্মেলন শেষে গাড়িবহর নিয়ে ফেরার পথে গাড়িবহরটি একই ইউনিয়নের চর হাসান ভূঁইয়ার হাট বাজারে এসে পৌঁছালে নৌকার প্রার্থী তরিকুল ইসলামের সমর্থক মঞ্জু, আজাদ, নবী মেম্বারের অনুসারীরা স্বতন্ত্র প্রার্থীর গাড়িবহরে হামলা চালায়। এ সময় হামলাকারীরা পিটিয়ে শতাধিক সমর্থককে আহত করে এবং বেশ কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করে।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে নৌকার প্রার্থী তরিকুল ইসলাম বিএসসি বলেন, আমি ওই সময় ঘটনাস্থলে ছিলাম না। পরে জানতে পেরেছি মোটরসাইকেলে কিছু ভাড়াটিয়া সন্ত্রাসী চরহাসান ভূঁইয়ার হাট বাজারে যায়। আনারস প্রতীকের প্রার্থী ভাড়াটিয়া সন্ত্রাসী এনে আমার লোকজনের সঙ্গে মিশে এ ঘটনা ঘটিয়েছে।

তিনি বলেন, আমার ১১ জন কর্মী এ ঘটনায় আহত হয়ে এখন হাসপাতালে ভর্তি আছে।

নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) সৈয়দ মহিউদ্দিন আবদুল আজিম জানান, চরজব্বারে সংঘর্ষের ঘটনায় এ পর্যন্ত ২৫ জন হাসপাতালে ভর্তি আছেন।

পুলিশ সুপার মো. শহিদুল ইসলাম জানান, চরজব্বার ইউনিয়নে বিদ্রোহী ও নৌকা প্রার্থীর সমর্থকেরা মুখোমুখি অবস্থান নিলে পুলিশ দুই পক্ষকে ছত্রভঙ্গ করে দেয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কয়েক রাউন্ড রাবার বুলেট ছোড়ে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করবে।

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক হামলার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় ৮ জনকে আটক করা হয়েছে।

প্রসঙ্গত, আগামী ১০ ফেব্রুয়ারি নোয়াখালীর সুবর্ণচরের চরজব্বার ও চর জুবলি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত