পানির দাম বাড়ানোর প্রতিবাদে মানববন্ধন করেছে রাজশাহীর সাধারণ মানুষ। সামাজিক সংগঠন রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদ গতকাল সোমবার সকালে নগরীর সাহেববাজার জিরো পয়েন্টে এ মানববন্ধনের আয়োজন করে। ওয়াসা পানির বর্ধিত দাম প্রত্যাহার না করলে কঠোর আন্দোলনেরও হুমকি দিয়েছে তারা।
মানববন্ধনের সভাপতি রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান বলেন, কোনো ধরনের গণশুনানি ছাড়াই রাজশাহী ওয়াসা একলাফে পানির দাম তিনগুণ বাড়িয়েছে। ১ ফেব্রুয়ারি হতে তাদের বেঁধে দেওয়া নতুন দাম কার্যকর হয়েছে। ওয়াসার সরবরাহ করা পানি নোংরা, দূষিত ও পানের অযোগ্য। সম্প্রতি এক প্রতিবেদনে ওয়াসার সরবরাহ করা পানিতে মানুষের মল বা কলিফম ব্যাকটেরিয়া পাওয়ার কথা প্রকাশিত হয়েছে। কিন্তু এদিকে কোনো ভ্রুক্ষেপ নেই ওয়াসার।
