রাজশাহী শহরের দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠানের সাইনবোর্ড বা নামফলক বাংলা ভাষায় লিখতে সাত দিনের সময় বেঁধে দিয়েছে রাজশাহী সিটি করপোরেশন (রাসিক)। এ সংক্রান্ত নির্দেশনা ইতিমধ্যে সংশ্লিষ্টদের কাছে পাঠাতে শুরু করেছে রাসিক।
সিটি করপোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মো. নূর-ঈ-সাইদ জানান, গতকাল সোমবার সকাল থেকেই এ নির্দেশনার চিঠি ব্যবসায়ীদের কাছে পৌঁছে দেওয়ার কাজ শুরু হয়েছে।
রাসিকের এ কর্মকর্তা বলেন, সাইনবোর্ডে বাংলা লেখার জন্য উচ্চ আদালতের একটা নির্দেশনা আছে। এতদিন নানা কারণে এটি বাস্তবায়িত হয়নি। এর আগেও আমরা এমন চিঠি দিয়েছি। তবে এবার আমরা এটিকে রুটিনওয়ার্ক হিসেবে দেখছি।
তিনি বলেন, ব্যবসায়ীদের সাত দিন সময় দেওয়া হবে সাইনবোর্ডে বাংলা লেখার জন্য। স্থানীয় কিংবা বিদেশি প্রতিষ্ঠানগুলো সাইনবোর্ডে ইংরেজি রাখতে পারবে। তবে ইংরেজির পাশাপাশি বাংলায়ও লিখতে হবে। তা না হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
