জুড়ীতে প্রশিক্ষণের নামে হাতি শাবককে নির্যাতন, কারণ দর্শানোর নোটিশ

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২২, ০৪:৫৭ পিএম

নিজেদের প্রয়োজনে ব্যবহার করার জন্য মৌলভীবাজারের জুড়ী উপজেলায় প্রশিক্ষণের নামে ৪ বছর বয়সী এক হাতি শাবককে অমানবিক নির্মম নির্যাতনের অভিযোগ পাওয়া গিয়েছে। নির্যাতনের শিকার হাতি শাবকটির নাম ‘টাইগার’। 

গণমাধ্যমে হাতি শাবককে নির্যাতনের সংবাদ প্রকাশিত হওয়ার পর বিষয়টি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মুহাম্মদ আলী আহসানের নজরে আসে। সোমবার দুপুরে তিনি স্ব-প্রণোদিত হয়ে কারণ দর্শানোর নোটিশ দিয়ে দ্রুত দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে এবং আগামী ১৫ মার্চের মধ্যে রিপোর্ট দেয়ার নির্দেশ দেন। 

স্থানীয়রা জানান, নির্মম নির্যাতন করে হাতি শাবককে বশে এনে পাহাড় থেকে গাছ টানা, সার্কাস খেলা ও শারীরিক কসরত দেখানোর জন্য প্রশিক্ষণ দেওয়া হয়। একই কারণে সোমবার হাতি শাবক টাইগারকে প্রশিক্ষণ দেয়ার নাম করে নির্যাতন করা হচ্ছিল। খবর পেয়ে বিভাগের কর্মকর্তাদের হস্তক্ষেপে নির্যাতন বন্ধ হলেও তারা চলে গেলে আবারও প্রশিক্ষণের নামে নির্যাতন শুরু হয়। 

বন বিভাগ সূত্র জানায়, হাতিটির বর্তমান দায়িত্বে থাকা জায়ফরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুম রেজাকে বলা হয়েছে হাতি শাবককে কোনো ধরনের নির্যাতন করা থেকে বিরত থাকার জন্য। 

জুড়ী বন বিভাগের ফরেস্টার মো. আলাউদ্দিন বলেন, হাতিটি ব্যক্তি মালিকানাধীন। তবে নির্যাতনের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে হাতিটিকে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করি। আদালতের নির্দেশনার বিষয়টি শুনেছি। নির্দেশনার কপি হাতে পেলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। 

বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. রেজাউল করিম চৌধুরী বলেন, হাতির মালিকেরা লাইসেন্স নিয়েই হাতি পোষেন। তারা হাতি বশে আনার জন্য প্রশিক্ষণ দিতে পারেন। তবে নির্যাতনের বিষয়টি দুঃখজনক। এ ব্যাপারে প্রশাসনের কঠোর নজরদারি প্রয়োজন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত