রাজবাড়ীতে দুই ইজিবাইক চালককে হত্যার অভিযোগে গ্রেপ্তার ৫

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২২, ০১:৪৪ পিএম

রাজবাড়ীতে দুইজন ইজিবাইক চালককে হত্যার অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঢাকা ও পাবনার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে বুধবার সাড়ে ১১টায় পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে পুলিশ সুপার।

নিহতরা হলেন- রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার ইসমাইল শেখ (৪৫) ও সুজন পাঠান (২৪)।

গত ২৬ জানুয়ারি তাদের রাজবাড়ীর কালুখালী ও গোয়ালন্দ উপজেলা থেকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- আকাশ মাদবর, রবিন হোসেন, নিজাম উদ্দিন, আকরাম হোসেন ও সাদ্দাম হোসেন। ছিনতাই করা দুটি ইজিবাইকও উদ্ধার করে পুলিশ।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামান বলেন, যাদের গ্রেপ্তার করা হয়েছে তারা একটি দল গঠন করে ইজিবাইক ছিনতাই করে। এরা মূলত চায়ের সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে ইজিবাইকের চালকদের অচেতন করতেন। এরপর ইজিবাইক নিয়ে পালিয়ে যেতেন। ঘুমের ওষুধের পরিমাণ এত বেশি থাকে যে তাতে দুজনের মৃত্যু হয়েছে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাউদ্দিন,  অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) মাইনউদ্দিন চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (পাংশা সার্কেল) সুমন কুমার সাহা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত