ঘাটাইলে সেতুর অভাবে দুর্ভোগে ১০ গ্রামের মানুষ

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২২, ০২:৪৮ পিএম

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ধলাপাড়া ইউনিয়নে সরাসাক ও গাংগাইর গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া বংশাই নদীর উপর একটি ব্রিজের অভাবে দুর্ভোগে আছেন কয়েক গ্রামের বাসিন্দারা।

বর্ষা মৌসুমে নৌকা ও শুষ্ক মৌসুমে বাঁশের সাঁকোই একমাত্র ভরসা এলাকাবাসীর।

গত ১৩ বছরে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় নির্মাণ করা হয়েছে অনেক রাস্তা ও ব্রিজ। কিন্তু ঘাটাইল উপজেলার ধলাপাড়া ইউনিয়নের সরাসাক ও গাংগাইর গ্রামের মাঝ দিয়ে বয়ে যাওয়া বংশাই নদীতে ব্রিজ নির্মাণ হচ্ছে না।

বর্তমানে বাঁশের সাঁকোটি ঝুঁকিপূর্ণ অবস্থায় পড়ে রয়েছে। দীর্ঘদিন ধরে এটিরও সংস্কার না করায় ভোগান্তি পোহাচ্ছেন প্রায় ৫০ হাজার মানুষ।

নদীর দুই পাড়ে রয়েছে দুইটি শিক্ষাপ্রতিষ্ঠান। শিক্ষার্থীদের জীবনের ঝুঁকি নিয়ে এই নদী পারাপার হতে হয়।

এ অঞ্চলের মানুষের টাঙ্গাইল জেলা সদরে যাতায়াত করতে হয় ঘাটাইল হয়ে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়ক দিয়ে। এতে সময় লাগে প্রায় দেড় ঘণ্টা। অথচ এই বংশাই নদীর উপর যদি একটি ব্রিজ নির্মাণ করা হয় তবে, টাঙ্গাইল জেলা সদরে যেতে সময় লাগবে মাত্র ৪০ মিনিট।

এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, উপজেলার ধলাপাড়া ও দেওপাড়া ইউনিয়নের গাংগাইর, সরাসাক, আমজানি, বাদেআমজানি, গোলাবাড়ি, ধলাপাড়া, মলাজানি, জুগিয়াটেংগর, নয়ারহাট, বর্গাসহ ১০টি গ্রামের মানুষকে যাতায়াত করতে হয় বংশাই নদী পারাপার হয়ে।

এই এলাকার সরাসাক গ্রামে রয়েছে একটি মাধ্যমিক বিদ্যালয়, গাংগাইর গ্রামে রয়েছে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়।

এ ছাড়া ধলাপাড়া এলাকায় রয়েছে একটি বড় বাজার, একটি কলেজ, একটি মাধ্যমিক বালক বিদ্যালয় ও একটি বালিকা বিদ্যালয়। এসব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বংশাই নদী পার হয়েই লেখাপড়া করতে হয়।

দেশ স্বাধীনের পর হতেই তারা বংশাই নদীর উপর একটি ব্রিজ নির্মাণের জন্য জনপ্রতিনিধিসহ বিভিন্ন স্থানে দাবি জানিয়ে আসছেন।

অনেকেই প্রতিশ্রুতি দেন ব্রিজ নির্মাণ করে দেয়ার। কিন্তু কাজের কাজ কিছুই হয় না।

গাংগাইর গ্রামের পল্লী চিকিৎসক সেন্টু তালুকদার বলেন, বর্ষার সময় সঠিক সময় খেয়া পর হতে না পারায় স্কুল-কলেজের শিক্ষার্থীরা সময় মতো ক্লাসে উপস্থিত হতে পারে না। শুকনো মৌসুমেও ঝুঁকি নিয়ে বাঁশের সাঁকো পার হতে হয়। বংশাই নদীর ওপর সেতু নির্মাণ জরুরি।

একই গ্রামের নূরুল ইসলাম বলেন, বিভিন্ন সময়ে জনপ্রতিনিধিরা প্রতিশ্রুতি দিলেও স্বাধীনতার ৫০ বছরেও বংশাই নদীতে সেতু নির্মিত হয় নাই। অথচ প্রতিদিন ১০ গ্রামের শত শত মানুষকে এই নদী ওপর দিয়ে পারাপার হয়ে যাতায়াত করতে হয়।

উপজেলা উন্নয়ন মিটিংয়ে অনেকবার সেতুর দাবি তুলেছেন উল্লেখ করে ধলাপাড়া ইউপি চেয়ারম্যান মো. এজহারুল ইসলাম মিঠু ভুইয়া বলেন, ধলাপাড়া-গাংগাইর-কালিহাতী রাস্তায় বংশাই নদীর ওপর সেতু নির্মাণ করা জরুরি।

ঘাটাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম লেবু জানান, স্থানীয় সংসদ সদস্যের সঙ্গে কথা বলে এখানে যাতে একটি পাকা ব্রিজ নির্মাণ প্রকল্প বাস্তবায়ন করা যায়, সে বিষয়ে তিনি উদ্যোগ নেবেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত