গত ডিসেম্বরে সাফ অনূর্ধ্ব-১৯ নারী ফুটবলে শিরোপাজয়ী বাংলাদেশ দলকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।
বুধবার ঢাকা সেনানিবাসে আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে মারিয়া মান্দা, মনিকা চাকমাদের সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সিনিয়র সহসভাপতি আবদুস সালাম মুর্শেদী, সহসভাপতি কাজী নাবিল আহমেদ, মহিউদ্দিন আহমেদ মহি, ফিফার কাউন্সিল মেম্বার ও এএফসির সদস্য মাহফুজা আক্তার কিরণ, সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ।
সাফের স্কোয়াডে থাকা ২৩ নারী ফুটবলারের প্রত্যেককে ১ লাখ টাকা করে উপহার দিয়েছেন সেনাবাহিনী প্রধান। সেই সঙ্গে একটি করে ট্রফি ও ট্র্যাকস্যুট দিয়েছেন।
সংবর্ধনা অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান খেলোয়াড়দের উদ্দেশ্যে বলেন, ‘তোমাদের আমি বেশি কিছু দিতে পারিনি, যা দিয়েছি তার তুলনায় তোমাদের অর্জন অনেক বড়। ভবিষ্যতে আরো ভালো অর্জনে এর চেয়েও বেশি প্রাপ্তি হবে তোমাদের।’
তিনি আরো বলেন, ‘তোমাদের এই অর্জন অন্যদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। এ অর্জনের পেছনে অনেকে কাজ করেছেন। সংশ্লিষ্ট কর্মকর্তা, কোচ সবাইকে আন্তরিক অভিনন্দন। তোমরা ভবিষ্যতে আরো বড় অর্জন করবে বলেই আশা করছি।’
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে সেনাবাহিনী প্রধানকে ক্রেস্ট ও নারী খেলোয়াড়দের অটোগ্রাফ সংবলিত একটি বল উপহার দেওয়া হয়েছে।
১১ থেকে ২২ ডিসেম্বর ঢাকায় হওয়া সাফ অনূর্ধ্ব-১৯ নারী ফুটবলের ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ।
