দিনাজপুরে স্থানীয়দের পিটুনিতে ‘মোটরসাইকেল চোরের’ মৃত্যু

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২২, ০২:৫৯ পিএম

দিনাজপুর সদর উপজেলায় মোটরসাইকেল চুরির অভিযোগে জনগণের পিটুনিতে রবিউল ইসলাম ওরফে বাটুল (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে বুধবার রাত ৮টায় দিনাজপুর সদর উপজেলার সদরপুর গ্রামের সদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মোটরসাইকেল চুরির সময় পিটুনির শিকার হন।

নিহত বাটুল জেলার খানসামা উপজেলার পাকেরহাটের ভান্ডারদহ গ্রামের আব্দুল কাদেরের ছেলে।

জানা গেছে, বুধবার রাত ৮টায় বাটুল সদর উপজেলার সদরপুর চাকারবাজারে এক ব্যক্তির মোটরসাইকেল চুরি করে নিয়ে যাচ্ছিল। পরে স্থানীয়রা তাকে দেখতে পেয়ে ধাওয়া করে। সদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে জনগণ তাকে আটক করে গণপিটুনি দেয়।

কোতোয়ালি থানা-পুলিশ তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে রাত পৌনে ১০টায় দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) আসাদুজ্জামান জানান, খবর পেয়ে রাতে বাটুলকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। আজ সকাল সাড়ে ৮টায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। তার মরদেহ মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

তিনি আরও জানান, বাটুলের বিরুদ্ধে কোতোয়ালি ও আশপাশের কয়েকটি থানায় একাধিক মোটরসাইকেল চুরির মামলা রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত