চাঁদের গাড়িতে পৃষ্ট ২ ছাত্রী: টিআই বরখাস্ত, সার্জেন্ট ক্লোজড

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২২, ০৫:৫৮ পিএম

চট্টগ্রামের ফটিকছড়িতে চাঁদের গাড়ির চাকায় পৃষ্ট হয়ে দুই ছাত্রী নিহতের ঘটনায় হাইওয়ে থানার ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) জীবন চাকমাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া সার্জেন্ট আল আমিনকে জেলা পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে ফটিকছড়ি থানায় জিপ চালককে প্রধান আসামি করে নিহত মিশু আক্তারের চাচা মোহাম্মদ আইয়ুব বাদী হয়ে একটি মামলা করেছেন।

এ ব্যাপারে ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হোসেন বলেন, ‘থানায় মামলা হয়েছে। জিপ চালককে আসামি করা হয়েছে। তাকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত আছে।’

এর আগে গত বুধবার দুপুরে ফটিকছড়িতে পুলিশের ধাওয়া খেয়ে নিয়ন্ত্রণ হারিয়ে চাঁদের গাড়ির চাপায় দুই স্কুলছাত্রী নিহত হয়েছেন। উপজেলার চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের ফেলাগাজী দিঘি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মিশু আক্তার (১৬) দক্ষিণ পাইন্দং মোল্লার বাড়ির আবুল বশরের মেয়ে এবং নিহত নিশা মনি (১৮) একই এলাকার মোহাম্মদ লোকমানের মেয়ে। তারা দুজনই হাইদচকিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ধানবাহী একটি জিপটিকে পুলিশের টিআই ও সার্জেন্ট ধাওয়া করলে জিপটি পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে দুই স্কুলছাত্রীকে চাপা দেয় জিপটি। ফায়ার সার্ভিস ও স্থানীয়রা গাড়ির নিচে থেকে উদ্ধার করে তাদের নাজিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ঘটনায় জড়িত থাকায় চট্টগ্রাম জেলা হাইওয়ে পুলিশের টিআই নিখিল জীবন চাকমাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া সার্জেন্ট আল আমিনকে ক্লোজ করা হয়েছে পুলিশ লাইনে।

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এসএম রশীদুল হক।

এদিকে বুধবার রাত ৮টায় নিহত মিশু আক্তারের দাফন সম্পন্ন করা হয়েছে। বৃহস্পতিবার বিকেল তিনটায় জানাজা হয় নিশা মনির। এরপর তাদের স্থানীয় কবরস্থানে দাফন করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত