ভারতীয় সীমান্তে অপহৃত কলেজছাত্রকে ১২ ঘণ্টায় উদ্ধার

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২২, ০৬:০৭ পিএম

নেত্রকোনায় কলেজছাত্রকে অপহরণের ১২ ঘণ্টার মধ্যে উদ্ধার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। উদ্ধার হওয়া শিক্ষার্থী কবির হোসেন (২০) নেত্রকোনা পৌর শহরের পারলা এলাকার রুস্তম আলী ছেলে। তিনি নেত্রকোনা সরকারি কলেজের ডিগ্রী প্রথম বর্ষের শিক্ষার্থী।

বৃহস্পতিবার দুপুরে নেত্রকোনা পুলিশ কার্যালয়ে পুলিশ সুপার মো. আকবর আলী মুনসী সংবাদ সম্মেলনে জানান, কবির হোসেন বুধবার সকালে ভাড়া করা মোটরসাইকেলে জেলার কলমাকান্দা উপজেলায় ভারতীয় সীমান্তবর্তী পাচগাঁও বন্ধুর বাড়ি বেড়ানোর উদ্দেশ্যে যাত্রা করেন। সকাল অনুমান ১০টার দিকে ওই এলাকায় পৌঁছামাত্র তিন-চার ব্যক্তি তার পথরোধ করে। তারা ভয়ভীতি দেখিয়ে তাকে অপহরণ করে সীমান্তবর্তী অজ্ঞাত স্থানে নিয়ে যায়। তার সঙ্গে থাকা ১০ হাজার টাকা হাতিয়ে নেয় ও মারধর করে। সঙ্গে থাকা মোবাইল থেকে ফোন দিয়ে কবিরের বাবার কাছে তিন লাখ টাকা মুক্তিপণ চায়। না দিলে কবির হোসেনকে মেরে ফেলা বা ভারতে পাচার করা হবে বলে হুমকি দেয়।

তিনি আরো বলেন, ওইদিন দুপুর আড়াইটার দিকে কলেজছাত্রের বাবা বিষয়টি আমাকে অবগত করেন।পরে টেকনিক্যালি অপরাধীদের চিহ্নিত করার সুবিধার্থে পুলিশের পক্ষ থেকে অপহরণকারীদের দেয়া নম্বরে লেনদেন করা হয়। প্রযুক্তি ও মেন্যুয়াল পদ্ধতি অবলম্বন করে নেত্রকোনা ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ফরিদ আহমেদের নেতৃত্বের ডিবির একটি দল রাতেই সীমান্ত এলাকায় অবস্থান করে। পরে রাত ১০টার দিকে কলমাকান্দার রংছাতি ইউনিয়নের ঘোনাপাড়া গ্রামের একটি ঘরে অভিযান পরিচালনায় সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা সীমান্তের পাহাড়ের দিকে পালিয়ে যায়। 

কবিরকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তাকে তার বাবা-মার কাছে হস্তান্তর করা হবে। অপহরণকারী চক্রকে ধরতে পুলিশি অভিযান অব্যাহত আছে। মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে। অপরাধীরা আইনের আওতায় চলে আসবে বলে আশা ব্যক্ত করেন জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা।

এ সময় উপস্থিত ছিলেন কবিরের মা-বাবা, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. ফখরুজ্জামান জুয়েল, সদর সার্কেলে অতিরিক্ত পুলিশ সুপার মোরশেদা খাতুন, জেলা পুলিশের বিভিন্ন স্তরের সদস্যসহ সাংবাদিকরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত