বান্দরবানের রুমায় সন্ত্রাসীদের গুলিতে সেনা কর্মকর্তার মৃত্যুর প্রতিবাদ ও দোষীদের গ্রেপ্তারের দাবিতে রাঙ্গামাটিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ। গতকাল বৃহস্পতিবার সকালে রাঙ্গামাটি পৌর প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বনরূপা গিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভকারীরা রাঙ্গামাটি-চট্টগ্রাম প্রধান সড়কে অবস্থান নিলে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়।
সমাবেশে বক্তারা বলেন, আঞ্চলিক দলগুলোর সন্ত্রাসী কার্যক্রমের কারণে পার্বত্যাঞ্চলে বসবাসরত পাহাড়ি, বাঙালি কোনো নাগরিক শান্তিতে বসবাস করতে পারছে না। তাদের সন্ত্রাসী কার্যক্রমে বাধা দেওয়ায় সাধারণ মানুষের পাশাপাশি সেনা কর্মকর্তাদেরও প্রাণ হারাতে হচ্ছে।
পরিষদের কেন্দ্রীয় সভাপতি কাজী মজিবুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন কেন্দ্রীয় মহাসচিব আলমগীর কবির, রাঙ্গামাটি সহসভাপতি নাদিরুজ্জামান, সহসভাপতি কাজী জালোয়া, মহিলা পরিষদের নেত্রী মোর্শেদা আক্তার ও সালেহা বেগম।
