রণবীরকে গোপনে বিয়ের কথা স্বীকার করলেন আলিয়া

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২২, ০২:৪৩ পিএম

বলিউডে এখন আলোচনার বিষয় রণবীর-আলিয়ার বিয়ে। কোথায়, কবে বিয়ে হবে তাদের? এ নিয়েই ঘাম ঝরাচ্ছে ভারতীয় গণমাধ্যমগুলো। সবাই যখন রণবীর-আলিয়ার বিয়ে নিয়ে উন্মুখ তখন আলিয়া জানালেন, ইতিমধ্যেই নাকি রণবীরকে তিনি বিয়ে করে ফেলেছেন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে বিয়ের কথা ফাঁস করেছেন আলিয়া নিজেই। রণবীরের সঙ্গে নতুন অধ্যায় শুরুর প্রসঙ্গ উঠতেই তিনি বলেন, ‘মনে মনে আমার রণবীরের সঙ্গে বিয়ে হয়ে গিয়েছে। বহু দিন আগেই আমি আমার ভাবনায় ওর সঙ্গে বিয়ে করে নিয়েছি।’

২০১৮ সালে নিজেদের সম্পর্কের কথা প্রকাশ্যে এনেছিলেন রণবীর এবং আলিয়া। সোনম কাপুরের বিয়েতে হাতে হাত রেখে উপস্থিত হয়েছিলেন দু’জনে। তখন যদিও ‘প্রেমটা টিকবে তো?’ জাতীয় একাধিক প্রশ্নের মুখে পড়েছিলেন দুই তারকা-সন্তান। দীপিকা-ক্যাটরিনার সঙ্গে প্রেমের পর ঋষি-পুত্রের মন থিতু হয়েছিল মহেশ-কন্যার কাছে। সেই সম্পর্কের মেয়াদ নিয়েও চর্চার শেষ ছিল না। রণবীরের বর্ণিল অতীতের কথা মনে করে অনেকেই ভেবেছিলেন, বলিউডের বাকি দুই নায়িকার মতোই শেষমেশ রণবীরের প্রাক্তনের সুদীর্ঘ তালিকায় নাম জুড়বে আলিয়ারও।

কিন্তু সব গুঞ্জন-কটাক্ষ নাকচ করে রণবীর জানিয়েছিলেন, করোনা বাধ না সাধলে আলিয়ার সঙ্গে সাত পাক ঘুরতেন ২০২০ সালেই। কিন্তু করোনা আর কাজের চাপে বিয়ের পিঁড়িতে বসতে পারেননি তারা। তবে তাতে কী! আলিয়া তার ভাবনায় প্রেমিকের সঙ্গে সাত পাক ঘুরে ফেলেছেন সেই কবেই।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত