বরিশাল আইনজীবী সমিতি নির্বাচনে আ. লীগ সমর্থিতদের একচেটিয়া জয়

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২২, ০৪:২৬ পিএম

বরিশাল জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি পদে অ্যাড. লস্কর নূরুল হক ৪৮৬ ভোট পেয়ে এবং সাধারণ সম্পাদক পদে অ্যাড. মো. রফিকুল ইসলাম খোকন ৫৫৬ ভোটে নির্বাচিত হয়েছেন। তারা দুজনেই আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী।

শুক্রবার সকালে বিজয়ীদের নামের তালিকা প্রকাশ করা হয়। যেখানে ১১টি পদের মধ্যে শুধুমাত্র ১টি পদে নীল প্যানেল অর্থাৎ বিএনপির জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম আর বাকি ১০টি পদে সাদা প্যানেল অর্থাৎ আওয়ামী লীগের বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের প্রার্থীরা বিজয়ী হয়েছেন।

নির্বাচনে সহসভাপতির ২টি পদে সাদা প্যানেলের বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ মনোনীত মোস্তাফিজুর রহমান নওশের ৫৩৫ ভোট ও বিষ্ণুপদ মুখার্জী ৪০১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

অর্থ সম্পাদক পদে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ মনোনীত মো. সাইফুল ইসলাম মোল্লা ৪৩৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

যুগ্ম সম্পাদকের ২টি পদের মধ্যে নীল প্যানেলের জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত জাহিদুল ইসলাম পান্না ৪০৩ এবং সাদা প্যানেলের বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ মনোনীত কাজী আবুল কালাম ৪৬৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

নির্বাহী সদস্যর ৪টি পদে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের মো. আনোয়ার হোসেন (বাচ্চু), মো. আর্শিব উদ্দিন (শাওন), মো. আতিকুর রহমান খান (রাজু) ও সুমন বাড়ৈ বিজয়ী হয়েছেন।

১০ ফেব্রুয়ারি সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বরিশাল জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ভোট গ্রহণ সম্পন্ন হয়। নির্বাচনে ৯৭৫ জন ভোটারের মধ্যে ৮৩২ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে সভাপতি ও সম্পাদকসহ ১১ পদের বিপরীতে ২৩ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

নির্বাচনে কমিশনার হিসাবে দায়িত্ব পালন করবেন আফজালুল করিম ও সহকারী কমিশনার কাইয়ুম খান কায়সার, নিয়াজ মাহমুদ খান, আহাদ আলী খান, আব্দুল খালেক মনা, রফিকুল ইসলাম ঝন্টু, মাইনুর আবেদিন তুহিন, আরিফুর রহমান রাসেল ও গোলাম ফারুক ডাবলু।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত