ভোজন প্রতিযোগিতায় ৩৮ কেজি খিচুড়ি খেয়ে চ্যাম্পিয়ন ভাতিজা গ্রুপ

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২২, ০৯:০৫ এএম

আনন্দ আর উল্লাস করতে করতে ৪০ কেজি খিচুড়ি আর গরুর মাংস খেয়ে সাবাড় করলেন ২০ জন ব্যক্তি। এদের মধ্যে কারও বয়স ৬০, আবার কারও ২৫ বছর।

বরিশাল নগরীতে এই প্রথমবারের মতো আয়োজন করা হয় ভোজন প্রতিযোগিতার। 

শুক্রবার রাত ১০টায় বরিশাল নগরের ভাটিখানা শরীফ বাড়িতে এলাকার সর্বস্তরের মানুষ এই উৎসবে অংশ নেন। 

প্রতিযোগিতায় ৩৮ কেজি খিচুড়ি ভোজন করে চ্যাম্পিয়ন হয় ভাতিজা গ্রুপ। আর চাচা গ্রুপ ৩২ কেজি ভোজন করে রানারআপ হয়।

উৎসবমুখর এই ভোজন প্রতিযোগিতায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ কর্মকর্তা আতিকুর রহমান মিলন, বরিশাল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এস. এম জাকির হোসেন, বরিশাল সিটি করপোরেশনের ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব সৈয়দ হাবিবুর রহমান ফারুক, ব্যবসায়ী বিষু ঘোষ।

আয়োজিত ভোজন প্রতিযোগিতায় অংশ নেওয়া প্রতিযোগীরা বলেন, এটি একটি ভিন্নধর্মী আয়োজন। বরিশালের কোথাও এমন আয়োজন হয় না। এটা শুধু খাওয়াই না আনন্দেরও। 

অনুষ্ঠান আয়োজক টুলু শরীফ বলেন, সবাই যখন করোনা নিয়ে চিন্তিত তখন আমরা এলাকার সবাই মিলে এই আয়োজনের পরিকল্পনা করি। সবার মাঝে আনন্দ ছড়িয়ে দিতেই এই ব্যতিক্রমী আয়োজন।

তিনি বলেন, ভোজন প্রতিযোগিতায় চাচা ও ভাতিজা দুই দলের জন্য দুই মণ খিচুড়ি ও গরুর মাংস রান্না করা হয়। এর মধ্যে এক দল ৪০ কেজি খিচুড়ি খেতে ২০ জন অংশ নেন। যারা বেশি পরিমাণ খেতে পেরেছে তারা চ্যাম্পিয়ন হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত