কোহলির ফর্ম নিয়ে চিন্তিত নন রোহিত

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২২, ১২:৪৩ পিএম

২০১৫ সালের পর প্রথমবারের মতো কোনো ওয়ানডে সিরিজ ‘ফিফটিহীন’ কাটল বিরাট কোহলির। তার মধ্যে প্রায় দুই বছরের বেশি সময় ধরে সেঞ্চুরি নেই ভারতের সাবেক অধিনায়কের ব্যাটে।

আহমেদাবাদে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে ২ বল মোকাবিলা করে রানের খাতা খোলার আগে সাজঘরে ফেরেন কোহলি। তবে ম্যাচটি ৯৬ রানে জিতে ক্যারিবীয়দের হোয়াইটওয়াশ করেছে ভারত।

সেই সঙ্গে রোহিত শর্মার নেতৃত্বে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজে উইন্ডিজকে হোয়াইটওয়াশ করার স্বাদ পেল টিম ইন্ডিয়া। এই জয়ে আরেকটি রেকর্ডও গড়েছেন রোহিত। ভেঙেছেন কোহলির রেকর্ড।

রোহিতের নেতৃত্বে এখন পর্যন্ত ১৩ ম্যাচে ১১ জয় পেয়েছে ভারত। যা এই পর্যন্ত ম্যাচে ভারতীয় অধিনায়কদের মধ্যে সর্বোচ্চ জয়। এর আগে কোহলির নেতৃত্বে ১৩ ম্যাচে ১০ জয় পেয়েছিল ভারত। তবে এই তালিকায় সমান ১২ জয় নিয়ে চেয়ার ভাগাভাগি করছেন ক্লাইভ লয়েড, ইনজামাম-উল-হক ও মিসবাহ-উল-হক।

উইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম দুই ওয়ানডেতে ৮ ও ১৮ রানে আউট হয়েছিলেন কোহলি। তবে ৩৩ বছর বয়সী ব্যাটারের রানখরা নিয়ে চিন্তিত নন রোহিত।

শুক্রবার ম্যাচ শেষে ভারতীয় অধিনায়ককে এক রিপোর্টার জিজ্ঞেস করেন, ‘বিরাট কোহলির কি আত্মবিশ্বাস প্রয়োজন? আপনি কী বলেন?’

এই প্রশ্ন শুনে হেসে রোহিতের জবাব, ‘শতক হাঁকাতে না পারা ভিন্ন বিষয়। তবে সে দক্ষিণ আফ্রিকায় তিন ম্যাচের ওয়ানডেতে দুটি ফিফটি করেছে। আমি তার খেলায় কোনো সমস্যা দেখি না। টিম ম্যানেজমেন্টের কেউ তাকে নিয়ে চিন্তিত নয়।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত