প্রথমবারের মতো পুরান ঢাকার বাবু বাজার ব্রিজ সংলগ্ন কেরানীগঞ্জে চালু হতে যাচ্ছে নতুন মাল্টিপ্লেক্স। ‘লায়ন সিনেমাস’ নামে এই মাল্টিপ্লেক্স হলে থাকছে চারটি স্ক্রিন। প্রতিটি স্ক্রিনে আসনসংখ্যা ২০০টি। আরও থাকছে ডিএলপি সিনেমা প্রজেক্টর, শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা। সেই সঙ্গে দর্শকেরা পাবেন গাড়ি পার্কিংয়ের সুবিধা।
‘লায়ন সিনেমাস’-এর চেয়ারম্যান এবং প্রযোজক মির্জা আব্দুল খালেক বলেন, অনেক বড় পরিকল্পনা নিয়ে পুরান ঢাকার বাবু বাজার ব্রিজ সংলগ্নে কেরানীগঞ্জে ‘লায়ন শপার্স ওয়ার্ল্ডে এ মাল্টিপ্লেক্স নির্মিত হচ্ছে। এর মধ্যে দিয়ে পুরান ঢাকার মানুষ খুবই সহজে সুন্দর পরিবেশ সিনেমা উপভোগ করতে পারবেন। সিনেমার সঙ্গে দীর্ঘদিনের আবেগ জড়িত আমার। মাল্টিপ্লেক্সটি নির্মাণের পর থেকেই পরিচিত মানুষদের কাছে থেকে ইতিবাচক সাড়া পাচ্ছি। সিনেমায় লগ্নি করা হচ্ছে আমার প্যাশন। তাই আমি কখনো লাভ-ক্ষতির হিসাব করিনা এখানে। আমি মনে করি আমার একটা সিনেমা হল থাকা দরকার। সেই ভাবনা থেকে যুগের চাহিদা অনুযায়ী এই মাল্টিপ্লেক্স নির্মাণ করেছি। এতে দেশের হল সংকট থেকে সিনেমা বাঁচানোর তাগিদ বলতে পারেন।’
সবকিছু ঠিক থাকলে আগামী ৪ মার্চ লায়ন সিনেমাস উদ্বোধন করার পরিকল্পনা আছে বলে জানান তিনি। পুরান ঢাকার ইসলামপুর এলাকায় এক সময় লায়ন সিনেমা হল নামে একটি প্রেক্ষাগৃহ ছিল। এটির মালিক ছিলেন লায়ন গ্রুপ-এর ম্যানেজিং ডিরেক্টর মির্জা আব্দুল খালেক। লায়ন সিনেমা হলটি বন্ধ হওয়ার বহু বছর পর একই মালিক কেরানীগঞ্জে আধুনিক লায়ন সিনেমাস মাল্টিপ্লেক্সটি নির্মাণ করেছেন।
