ভুয়া ভিডিও: যুবদল-ছাত্র অধিকারের একাধিক নেতার খোঁজে পুলিশ, গ্রেপ্তার ২

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২২, ০৯:০২ পিএম

বেসরকারি টেলিভিশনের এক নারী সাংবাদিকের চেহারা ফটোশপে এডিট করে ইন্টারনেটে ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় যুবদল ও ছাত্র অধিকার পরিষদের একাধিক নেতাকে পুলিশ খুঁজছে বলে জানিয়েছে।

গ্রেপ্তারকৃতরা হচ্ছেন- চট্টগ্রামের হালিশহরের বাসিন্দা নুর হোসাইন নুরু ও রাজধানীর সবুজবাগের সজীব মিয়া।

শনিবার দুপুরে ঢাকা মহানগর পুলিশের গুলশান বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. আসাদুজ্জামান তার নিজ কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ সব তথ্য জানিয়েছেন।

তিনি জানান, নারী সাংবাদিকের চেহারা ফটোশপের মাধ্যমে এডিট করে একটি ফেসবুক আইডি ও একটি ব্লগ থেকে ভিডিও ছড়িয়েছিল তারা। এর তথ্য-প্রমাণও পাওয়া গেছে। এই ঘটনায় মামলা হওয়ার পর ফেসবুক আইডি ও ব্লগের মালিককে শনাক্ত করা হয়। তারপর বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

উপ-কমিশনার আসাদুজ্জামান বলেন, প্রথমে নুরের ফেসবুক আইডি থেকে ভিডিওটি ছড়ানো হয়। সে বলেছে, তার সিনিয়র আরেক যুবদলের নেতা তাকে এই ভিডিওটি পোস্ট করতে বলেছিলেন। সিনিয়র নেতার আদেশে সে ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে ভাইরাল করার চেষ্টা করে। এছাড়া একই সিনিয়র নেতার আদেশে সে ফেসবুকে সরকার বিরোধী অনেক মিথ্যা পোস্টও দেয়।

এই পুলিশ কর্মকর্তা আরও বলেন, নুর ও সজীবকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই ভিডিও কী কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছে সে বিষয়ে জানার চেষ্টা চলছে। গ্রেপ্তারকৃতরা যুবদল নেতা ও ছাত্র অধিকার পরিষদের সবুজবাগ থানা কমিটির সহসভাপতি তারিকুল ইসলাম তন্ময়সহ একাধিক ব্যক্তির নাম বলেছে। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত