ফ্যাফ ডু প্লেসির সেঞ্চুরিতে চ্যালেঞ্জিং লক্ষ্য ছুড়ে দিয়েছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। যা আন্দ্রে ফ্লেচার ও মেহেদি হাসানের দাপুটে ব্যাটিংয়ে অনায়াসেই পেরিয়ে গেল খুলনা টাইগার্স। একই সঙ্গে বিপিএলের প্লে-অফ নিশ্চিত করল দলটি। আর টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হলো মিনিস্টার গ্রুপ ঢাকাকে।
মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে শনিবার লিগ পর্বের শেষ ম্যাচটিতে কুমিল্লার দেওয়া ১৮৩ রানের লক্ষ্য ৮ বল হাতে রেখেই পেরিয়ে যায় খুলনা। তুলে নেয় ৯ উইকেটের জয়।
আন্দ্রে ফ্লেচার ও মেহেদি হাসান উদ্বোধনী জুটিতেই ১৮২ রান তুলে ফেলেন। চলতি বিপিএলে যা সর্বোচ্চ উদ্বোধনী রানের জুটি।
১৯তম ওভারে স্কোর লেভেল করে ফেরেন মেহেদি হাসান। শিকার হন মইন আলির। সৌম্য সরকার (১*) উইকেটে এসে জয়সূচক রান নেন।
আন্দ্রে ফ্লেচার ৬২ বলে ১০১ রানে অপরাজিত থেকে যান। ৬টি করে চার ও ছক্কায় সাজান নিজের ইনিংস। মেহেদি ৪৯ বলে ৬ চার ও ৪ ছক্কায় ৭৪ রান করেন। দুজন এতো সাবলীল খেলেছেন, মনেই হয়নি এই ম্যাচটা আর হারতে পারে তারা।
প্লে-অফ খেলতে হলে এই ম্যাচ জিততেই হতো খুলনাকে। তারা হারলে প্লে-অফে যেত ঢাকা। তাই মাহমুদউল্লাহ রিয়াদ, তামিম ইকবাল, মাশরাফী বিন মোর্ত্তজাদের নিয়ে গড়া ঢাকা কুমিল্লার জয় প্রার্থনা করছিল। মুশফিকের খুলনা অবশ্য তাদের আশা পূরণ হতে দেয়নি।
এ ম্যাচে হারলেও দ্বিতীয়স্থান নিশ্চিত করে প্রথম কোয়ালিফায়ারে খেলবে কুমিল্লা। যেখানে তাদের প্রতিপক্ষ সাকিব আল হাসানের ফরচুন বরিশাল।
প্রথম কোয়ালিফায়ারে খেলার সুবিধা হারলেও ফাইনাল খেলার আরেকটা সুযোগ থাকে। ক্ষেসেত্রে পরাজিত দল এলিমিনেটর ম্যাচে জয়ীদের বিপক্ষে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ খেলে।
সোমবার এলিমিনেটরে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে খেলবে খুলনা। দুই দলই ১০ ম্যাচে ৫টি করে ম্যাচ জিতে ১০ পয়েন্ট নিয়ে লিগ পর্ব শেষ করেছে।
১০ ম্যাচে সর্বাধিক ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে বরিশাল। ১৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় কুমিল্লা। আসরের ফাইনাল অনুষ্ঠিত হবে শুক্রবার।
এদিন টস জিতে ব্যাটিং বেছে নেয় কুমিল্লা। প্লে-অফ আগেই নিশ্চিত হয়ে যাওয়ায় অধিনায়ক ইমরুল কায়েস ও পেসার মোস্তাফিজুর রহমানকে বিশ্রাম দেয় দলটি। ইমরুলের জায়গায় মুমিনুল হক ও মোস্তাফিজের জায়গায় শহিদুল ইসলাম একাদশে আসেন। নেতৃত্ব পান ফ্যাফ ডু প্লেসি।
নেতৃত্ব পেয়ে অধিনায়কোচিত ইনিংস খেলেন ডু প্লেসি। ৫২ বলে শতক পূরণ করেন। ফেরার আগে ৫৪ বলে ১২ চার ও ৩ ছক্কায় ১০১ রান করেন এই প্রাটিয়া। কুমিল্লা ৫ উইকেটে ১৮২ রানের পুঁজি পায়।
চলতি আসরে তৃতীয় ব্যাটার হিসেবে সেঞ্চুরি করেন ডু প্লেসি। প্রথম সেঞ্চুরিটি উপহার দেন সিলেট সানরাইজার্সের লেন্ডল সিমন্স। দ্বিতীয় সেঞ্চুরি আসে মিনিস্টার গ্রুপ ঢাকার ব্যাটার তামিম ইকবালের ব্যাট থেকে। তালিকায় পরে চতুর্থ ব্যাটার হিসেবে যোগ হয়েছেন খুলনার আন্দ্রে ফ্লেচার। এদিন ম্যাচসেরাও তিনি।
