মসজিদের সভাপতিকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২২, ১০:০২ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় খোরশেদ মিয়া নামে এক ব্যক্তিকে মিথ্যা মামলা দিয়ে ফাঁসানোর অভিযোগ করেছে তার পরিবার।

শনিবার দুপুরে পৌরশহরের কলেজপাড়ায় খোরশেদ মিয়ার স্ত্রী রাহেলা বেগম এক সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন।

খোরশেদ মিয়া উপজেলার দক্ষিণ ইউনিয়নের নুরপুর গ্রামের বাসিন্দা।

সংবাদ সম্মেলনে রাহেলা বেগম অভিযোগ করে বলেন, আমার স্বামী নুরপুর গ্রামের পশ্চিমপাড়া মসজিদের সভাপতি। মসজিদের জায়গা নিয়ে প্রতিবেশী জাহের মিয়া ও তার লোকজনের সঙ্গে বিরোধ হয়। এতে তারা আমার স্বামীর ওপর ক্ষিপ্ত হয়ে ওঠেন। গত ১০ ফেব্রুয়ারি বিকেলে জাহের মিয়া ও তার লোকজন লাঠিসোঁটা নিয়ে আমার স্বামীকে মারধর করতে আসেন। এ সময় স্থানীয় লোকজন উভয় পক্ষকে ফিরিয়ে দেন।

তিনি আরও অভিযোগ করেন, এ ঘটনাকে কেন্দ্র করে জাহের মিয়া আমার স্বামী ও সন্তানসহ ১০ জনের নামে আখাউড়ায় থানায় একটি মিথ্যা মামলা করেন। ওই দিন রাতেই পুলিশ আমার স্বামীকে আটক করে হত্যা চেষ্টাসহ বিভিন্ন ধারা দিয়ে আদালতে পাঠান।

‘পুলিশ জাহের মিয়ার কাছ থেকে অনৈতিক সুবিধা নিয়ে আমার স্বামীর বিরুদ্ধে মামলায় এসব ধারা দিয়েছেন। মামলার এজাহারে যেসব বিষয় উল্লেখ করা হয়েছে এসব ঘটেনি। আমি মিথ্যা মামলা প্রত্যাহারসহ আমার স্বামীর মুক্তি চাই।’

এ ব্যাপারে মামলার বাদী জাহের মিয়ার ছেলে মাসুম মিয়া বলেন, মসজিদের সীমানা নিয়ে খোরশেদ মিয়া ও তার লোকজন আমাদের ওপর হামলা করেছেন। ন্যায় বিচারের জন্য আমরা আইনের আশ্রয় নিয়েছি।

এ ব্যাপারে জানতে চাইলে মামলার তদন্তকারী কর্মকর্তা আখাউড়া থানার সাব ইন্সপেক্টর মো. ময়নাল হোসেন বলেন, এজাহার মূলে মামলা নেওয়া হয়েছে। তবে ৩২৬ ধারার অপরাধ মূলক কোনো ঘটনা ঘটেনি বলে তিনি স্বীকার করেন।  

×
সর্বশেষ সর্বাধিক পঠিত