ভারতের দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টির (আপ) উত্থান উগ্র হিন্দুত্ববাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বা আরএসএস থেকেই বলে দাবি করেছেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী।
পাঞ্জাবের এক সভায় তিনি আরও দাবি করেন, দিল্লিতে শিক্ষা ও স্বাস্থ্যক্ষেত্রের উন্নয়নে কিছুই করেনি আপ সরকার।
আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়, গত দিল্লি বিধানসভা ভোটে কেজরিওয়ালের মুখে বারবার শোনা গেছে শিক্ষা ও স্বাস্থ্যক্ষেত্রে উন্নয়ন চাইলে মানুষ আম আদমি পার্টিকেই আবার সরকারে আনবে। পাঞ্জাব ভোটেও মূলত সামাজিক উন্নয়নের প্রচারে জোর দিয়েছে আপ। তুলে ধরা হয়েছে ‘দিল্লি মডেল’।
তবে রবিবার ভোটমুখী পাঞ্জাবের কটকাপুরায় প্রচারে গিয়ে আপ-এর কড়া সমালোচনা করেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা।
তিনি বলেন, ‘মানুষের সত্যিটা জানা দরকার। আম আদমি পার্টি উঠে এসেছে আরএসএস থেকে। দিল্লিতে শিক্ষা ও স্বাস্থ্যক্ষেত্রে কিছুই কাজ হয়নি। রাজনৈতিক দল ও তাদের নেতাদের সম্পর্কে সত্যিটা জানা জরুরি।’
প্রিয়াঙ্কা আরও বলেন, ‘ওরা (আপ) পাঞ্জাবে দিল্লি মডেল আনার কথা বলছে। ২০১৪ সালের কথা ভুলে যাবেন না। দেশে গুজরাট মডেল আনার কথা বলে মানুষকে বোকা বানিয়েছিল বিজেপি। এবার আর আপের কাছে ধোঁকা খাবেন না।’
তিনি বলেন, ‘পাঞ্জাব সরকার চালাবে পাঞ্জাবের মানুষ, দিল্লি নয়। কিন্তু আপ কিংবা বিজেপি ক্ষমতায় এলে এটাই হবে।’
অন্যদিকে কেজরিওয়াল পাঞ্জাব কংগ্রেসকে তুলোধুনা করে বলেছেন, ‘নিজেদের মধ্যেই ঝামেলায় জড়াচ্ছে কংগ্রেস। কংগ্রেস সার্কাস পার্টিতে পরিণত হয়েছে।’
