মেট্রোরেলের আরও ৮টি কোচ ও ৪টি ইঞ্জিন মোংলা বন্দরে

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২২, ০১:৩৫ পিএম

মেট্রোরেলের আরও ৮টি কোচ/বগি ও ৪টি ইঞ্জিন নিয়ে মোংলা বন্দর জেটিতে ভিড়েছে বিদেশি জাহাজ এমভি হরিজন-৯।

সোমবার বেলা ১১টায় বন্দরের ৮ নম্বর জেটিতে ভিড়ে জাহাজটি।

গত ১ ফেব্রুয়ারি জাপানের কোবে বন্দর থেকে অষ্টম চালানের এই মালামাল নিয়ে জাহাজটি যাত্রা করে।

বিদেশি জাহাজের স্থানীয় শিপিং এজেন্ট এনশিয়েন্ট স্টিম শিপ কোম্পানির ব্যবস্থাপক মো. ওয়াহিদুজ্জামান জানান, সোমবারের ৮ম চালানের মধ্যে রয়েছে ৮টি কোচ ও ৪টি ইঞ্জিনসহ ৪৪ প্যাকেজের ৪৮৮ মেট্রিক টন ওজনের মেশিনারি সরঞ্জামাদি।

তিনি আরও বলেন, সোমবার দুপুর থেকেই এ মালামাল খালাস শুরু হয়েছে। এরপর নদী পথে এসব নেওয়া হবে ঢাকার উত্তরার দিয়াবাড়ী ডিপোতে।

মোংলা বন্দর কর্তৃপক্ষের ভারপ্রাপ্ত সচিব ও হারবার মাস্টার কমান্ডার শেখ ফখরউদ্দীন বলেন, এ পর্যন্ত ৮টি চালানে মেট্রোরেলের ৪৮টি কোচ/বগি ও ২৪টি ইঞ্জিন এসেছে।

এর আগে ৭টি চালানো ৪০টি কোচ/বগি ও ২০টি ইঞ্জিন এ বন্দর দিয়ে খালাসের পর তা উত্তরার দিয়াবাড়ী ডিপোতে পাঠানো হয়। সেসব কোচ/বগি সংযোজনের পর পরীক্ষামূলকভাবে ঢাকায় মেট্রোরেলের কার্যক্রম চলমান রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত