জয়ের জন্য শেষ ওভারে খুলনা টাইগার্সের দরকার ছিল ১৬ রান। ব্যাটিংয়ে ছিলেন ওপেনার আন্দ্রে ফ্লেচার ও থিসারা পেরেরা। তবে মেহেদি হাসান মিরাজের করা ওভারে খুলনা নিতে পারল ৮ রান।
শেষ বলে পেরেরাকে ‘কট অ্যান্ড বোল্ড’ করেন মিরাজ। শ্বাসরুদ্ধকর লড়াইয়ে ৭ রানের জয়ে বিপিএলের কোয়ালিফায়ার নিশ্চিত করেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। আর বিদায় নিতে হলো খুলনাকে।
সোমবার মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে এলিমিনেটর ম্যাচে চাদউইক ওয়ালটনের বিধ্বংসী ফিফটিতে ৫ উইকেটে ১৮৯ রান করে চট্টগ্রাম। জবাব দিতে নেমে ৫ উইকেটে ১৮২ রানে থামে খুলনা।
টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতে বিপদে পড়ে চট্টগ্রাম। ওপেনার জাকির হোসেনকে গোল্ডেন ডাক উপহার দেন খালেদ আহমেদ। অধিনায়ক আফিফকে (৩) ফেরান রুয়েল মিয়া। এরপর আরেক ওপেনার কেনার লুইসকে (৩৯) নিয়ে ৩৮ রানের জুটি গড়েন ওয়ালটন।
দলীয় ৬৫ রানে চতুর্থ উইকেট হিসেবে ফেরেন শামীম হোসেন (১০)। এরপর মেহেদি হাসান মিরাজকে নিয়ে ৫৮ বলে ১১৫ রানের জুটি গড়েন ওয়ালটন। ৪৪ বলে ৭ চার ও ৭ ছয়ে ৮৯ রানে অপরাজিত ছিলেন ওয়েস্ট ইন্ডিজ ব্যাটার। ম্যাচ সেরাও হয়েছেন তিনি। খালেদের দ্বিতীয় শিকার হিসেবে মিরাজ বোল্ড হন ব্যক্তিগত ৩৬ রানে। বেনি হাওয়েল অপরাজিত ছিলেন ৮ রানে।
১৯০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ওপেনার মাহেদি হাসান (২) ও সৌম্য সরকার (১) ব্যর্থ হলেও খুলনাকে জয়ের স্বপ্ন দেখাচ্ছিলেন আরেক ওপেনার আন্দ্রে ফ্লেচার। ৫৮ বলে ৬ চার ও ৪ ছয়ে অপরাজিত ৮০ রান করেও পরাজিত দলে থাকতে হলো উইন্ডিজ ব্যাটারকে।
শুরুতে ২ উইকেট হারানোর পর অধিনায়ক-উইকেটরক্ষক মুশফিকুর রহিমের (৪৩) সঙ্গে ৬৪ ও ইয়াসির আলীর (৪৫) সঙ্গে ৬৫ রানের জুটি গড়েন ফ্লেচার। কিন্তু ৯ বলে ১৮ রান দরকার হওয়া ম্যাচটিতে খুলনা নিতে পারে ১০ রান।
দিনের প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি হবে ফরচুন বরিশাল ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ফাইনালে উঠতে হলে দ্বিতীয় কোয়ালিফায়ারে জিততে হবে চট্টগ্রামকে।
