ভারত শরিয়া আইন মেনে চলবে না: হিজাব বিতর্কে যোগী

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২২, ০৬:৫১ পিএম

কর্ণাটকের হিজাব বিতর্ক নিয়ে মুখ খুললেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি বললেন, ভারত শরিয়া আইন মেনে চলবে না।

সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ভারতীয় সংবিধান পোশাকের অধিকার দিয়েছে। কিন্তু সেই অধিকার সার্বিক নয়। স্কুল বা বিশ্ববিদ্যালয়ের ইউনিফর্ম সবাইকেই মানতে হবে। সেখানে ধর্মীয় পোশাক মেনে নেওয়া যায় না।

এ প্রসঙ্গে তার বিতর্ক উসকে দেওয়া মন্তব্য, ‘নতুন ভারত সংবিধান মেনে চলবে। ভারত শরিয়া আইন মেনে চলবে না।’

উত্তরপ্রদেশ নির্বাচনের আবহে একের পর এক বিতর্কিত মন্তব্য করেছেন যোগী। এর আগে তিনি বলেছিলেন, উত্তরপ্রদেশের ৮০ শতাংশ মানুষ বিজেপিকে সমর্থন জানাবে, ২০ শতাংশ মানুষ অন্যদিকে থাকবেন।

হিন্দু-মুসলিম মেরুকরণের কথা মাথায় রেখেই তিনি এ কথা বলেছিলেন বলে বিরোধীরা অভিযোগ তুলেছিল। কারণ, উত্তরপ্রদেশে হিন্দু-মুসলিম অনুপাত এর কাছাকাছি। যোগী অবশ্য সাক্ষাৎকারে বলেছেন, ধর্মীয় মেরুকরণের জন্য তিনি এ কথা বলেননি।

এদিকে পশ্চিমবঙ্গকেও আলাদা করে নিশানা করেছেন যোগী। বলেছেন, পশ্চিমবঙ্গ থেকে মানুষ এসে উত্তরপ্রদেশে গন্ডগোল ছড়ানোর চেষ্টা করছেন।

নাম না করলেও তিনি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে আঙুল তুলছেন, তা কার্যত স্পষ্ট।

সম্প্রতি উত্তরপ্রদেশে গিয়ে সমাজবাদী পার্টির নেতা ও যোগী আদিত্যনাথের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী অখিলেশ যাদবের হয়ে প্রচার করেছিলেন মমতা। তারপরেই যোগীর এই বক্তব্য।

যোগীর নতুন সাক্ষাৎকার নিয়ে একাধিক প্রশ্ন উঠেছে। লাভ জিহাদের মতো আইন উত্তরপ্রদেশে পাশ করেছে যোগীর সরকার। তার আমলে একের পর এক লিঞ্চিংয়ের ঘটনা ঘটেছে রাজ্যে। এগুলো কতটা সংবিধানসম্মত তা নিয়ে প্রশ্ন তুলছেন বিরোধীরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত