পুনাক সভানেত্রীর উদ্যোগে চাকরি পেলেন প্রতিবন্ধী যুবক

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২২, ০৮:৪৮ পিএম

পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) সভানেত্রী জীশান মীর্জার উদ্যোগে চাকরি পেয়েছেন কিশোরগঞ্জের মাস্টার্স পাস করা শারীরিক প্রতিবন্ধী মো. আনিছুর রহমান। কিশোরগঞ্জ সড়ক পরিবহন মালিক সমিতির অফিসে কম্পিউটার অপারেটর পদে তার চাকরি হয়েছে। তাকে একটি কম্পিউটারও উপহার দেয়া হয়েছে। 

এ উপলক্ষে মঙ্গলবার দুপুরে কিশোরগঞ্জের পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন হয়। 
অনুষ্ঠানে পুনাক সভানেত্রী জীশান মীর্জার পক্ষ থেকে মো. আনিছুর রহমানের হাতে চাকরির নিয়োগপত্র ও উপহারের কম্পিউটার হস্তান্তর করা হয়।

পুনাক কিশোরগঞ্জ জেলার সভানেত্রী মাহফুজা নাজনীন দিষার চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার  মাশরুকুর রহমান খালেদ। 

বিশেষ অতিথি ছিলেন কিশোরগঞ্জ সড়ক পরিবহন মালিক সমিতির আহ্বায়ক লেলিন রায়হান শুভ্র শাহীন। 
অন্যদের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোস্তাক সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোহাম্মদ নূরে আলম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) অনির্বাণ চৌধুরী, কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি মোহাম্মদ দাউদ, কিশোরগঞ্জ সড়ক পরিবহন মালিক সমিতির সদস্য সচিব শেখ ফরিদ আহাম্মদ প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রতিবন্ধী মো. আনিছুর রহমান কিশোরগঞ্জের গুরুদয়াল সরকারি কলেজ থেকে দর্শন বিষয়ে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন। কিন্তু শারীরিক সমস্যায় যোগ্যতা থাকালেও চাকরি হচ্ছিল না তার। বিষয়টি জানতে পেরে পুনাকের কেন্দ্রীয় সভানেত্রী জীশান মীর্জা তার কর্মসংস্থানের উদ্যোগ নেন। তার উদ্যোগে কিশোরগঞ্জ সড়ক পরিবহন মালিক সমিতির অফিসে কম্পিউটার অপারেটর পদে চাকরি হয় আনিছুর রহমানের।

পুনাক ও পরিবহন সমিতির পক্ষ থেকে চাকরি ও কম্পিউটারের ব্যবস্থা করায় মো. আনিছুর রহমান তাদের প্রতি কৃতজ্ঞতা জানান। 

এসপি মাশরুকুর রহমান খালেদ পুনাক সভানেত্রীর উদ্যোগের প্রশংসা করে বলেন, আনিছুর রহমানের বাবা ঝালমুড়ি বিক্রি করেন। তার একটি বোনও প্রতিবন্ধী কিন্তু শিক্ষিত। আনিছুর রহমানের কর্মসংস্থানের ব্যবস্থা হওয়ায় পরিবারটি এখন ঘুরে দাঁড়াতে পারবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত