নানি-নাতির লাশ চাপা দেওয়া এড়াতে পিকআপে বাসের ধাক্কা, আহত ৭ সেনা

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২২, ০১:৩২ পিএম

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মেহরাবাড়ি নামক স্থানে কাভার্ডভ্যানের চাপায় নানি ও নাতি নিহত হয়েছেন। নিহতদের চাপা দেওয়া এড়াতে গিয়ে একটি বাস সেনাবাহিনীর পিকআপকে ধাক্কা দিলে রাস্তার পাশে উল্টে গিয়ে আহত হন ৭ সেনা সদস্য। বুধবার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- গফরগাঁও উপজেলার কিষ্টবাজার এলাকার আব্দুল হামিদের স্ত্রী মুর্তুজা খাতুন (৬০) ও তার নাতি ওই গ্রামের সবুজ মিয়ার ছেলে জান্নাত (৩)।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় রাস্তা পার হওয়ার সময় ঢাকাগামী অজ্ঞাত একটি কাভার্ডভ্যান নানি ও নাতিকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে দুজনই ঘটনাস্থলে নিহত হন। লাশ চাপা না দিয়ে দ্রুতবেগে অতিক্রম করার সময় একইগামী সেনাবাহিনীর একটি পিকআপকে চাপা দেয় একটি বাস। এতে সেনা সদস্যদের বহন করা গাড়িটি রাস্তার পাশে উল্টে যায়।

খবর পেয়ে ভালুকা ফায়ার সার্ভিস ও ভরাডোবা হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।

আহতদের মধ্যে ২ সেনা সদস্যের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। আহত সেনা সদস্যরা হলেন- সার্জেন্ট মির্জা (৪০), সেনা সদস্য কাজী আল মামুন (৩৪), গোবিন্দ (৩৭), আবদুল্লাহ (২২), মাহফুজুর রহমান (২২), রোমান (২২) ও কাউসার আহাম্মেদ (২২)। সবাই ময়মনসিংহ ক্যান্টনমেন্টে কর্মরত রয়েছেন। আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ময়মনসিংহের সিএমএসএ প্রেরণ করা হয়েছে।

ভালুকা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ড. তুষার জানান, সড়ক দুর্ঘটনায় আহত অবস্থায় ৭ সেনা সদস্যকে হাসপাতালে নিয়ে আসে। তাদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে একজন ডাক্তারের তত্বাবধানে ময়মনসিংহ সিএমএইচ’এ প্রেরণ করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের বরাত দিয়ে ভালুকা মডেল থানার পরিদর্শক (তদন্ত) সুমন চন্দ্র রায় বলেন, কাভার্ডভ্যানের চাপায় দুইজন নিহত হওয়ার পর পেছনের একটি বাস সেনাবাহিনীর গাড়িকে চাপা দিলে গাড়িটি রাস্তার পাশে উল্টে যায়। এতে ৭ জন সেনা সদস্য আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়েছে। নিহতদের লাশ উদ্ধার থানায় নিয়ে আসা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত