লক্ষ্মীপুরের রায়পুরে কৃষক আলী আকবর ক্বারী হত্যা মামলায় পাঁচজনের মৃত্যুদণ্ড ও তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
দণ্ডপ্রাপ্ত প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা দেওয়ার আদেশ দেওয়া হয়। এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় তিনজনকে বেকসুর খালাস দেন আদালত।
বুধবার দুপুরে লক্ষ্মীপুরের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রহিবুল ইসলাম এ রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- জসিম, তহির, তাদের বাবা নুরু মিয়া, সফিকুল ও রুবেল। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন- মুক্তার, জুয়েল ও রাহেলা। এর মধ্যে যাবজ্জীবনপ্রাপ্ত মুক্তার ও জুয়েল পলাতক রয়েছেন।
মামলা এজাহার সূত্রে জানা যায়, রায়পুর উপজেলার চরশবংশী স্টিল ব্রিজ এলাকার আলী আকবর ক্বারীর বাড়িতে ২০১৮ সালের ৭ সেপ্টেম্বর সকালে বিরোধীয় সম্পত্তিতে নারিকেল পাড়াকে কেন্দ্র করে আলী আকবরের সাথে একই এলাকার জসিম গংদের সাথে বাকবিতন্ডা বাধে।
একপর্যায়ে জসিম, তহির ও তাদের বাবা নুরু মিয়াসহ বেশ কয়েকজন দলবদ্ধভাবে এসে প্রকাশ্যে এলোপাতাড়ি পিটিয়ে ও কুপিয়ে আলী আকবর ক্বারীকে আহত করে।
পরে স্থানীয়রা তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণ করেন।
এ ঘটনায় নিহতের ছেলে মো. তহিরুল ইসলাম বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৭/৮ জনের নামে রায়পুর থানায় হত্যা মামলা দায়ের করেন।
পরে পুলিশ ২০১৯ সালের পয়লা এপ্রিল ১১ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘ শুনানি ও ১৮ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত বুধবার এ রায় দেন।
সরকারপক্ষের কৌঁসুলি পিপি জাসীম উদ্দীন জানান, দীর্ঘ শুনানি শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় পাঁচজনকে মৃত্যুদণ্ড ও তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। ন্যায়বিচার পাওয়ায় তারা এ রায়ে সন্তোষ প্রকাশ করেন।
এদিকে বিবাদীপক্ষের আইনজীবী মো.মুনসুর জিলানী জানান, এ রায়ে ক্ষুব্ধ। এ রায়ের বিরুদ্ধে তারা উচ্চ আদালতে যাবেন বলেও জানান এ আইনজীবী।
