গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরউল্লাহ চৌধুরীর বিরুদ্ধে মানহানির মামলা দায়ের হয়েছে। বুধবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে শরীয়তপুর জেলা ও দায়রা জজ আদালতে মামলাটি দায়ের করেন ছাত্র ইউনিয়নের শরীয়তপুর জেলা সংসদের সভাপতি সাইফ রুদাদ।
আদালতের বিচারক মামলাটি আমলে নিয়ে আসামিকে হাজির হওয়ার সমন জারি করার আদেশ দিয়েছেন।
মামলার এজাহার সূত্র জানায়, গত ২ ফেব্রুয়ারি জাতীয় প্রেসক্লাবে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির (এনডিএফ) একটি অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাফরউল্লাহ চৌধুরী। বক্তব্যে তিনি বলেন, যুদ্ধাপরাধী কাদের মোল্যা ছাত্র ইউনিয়ন করতেন।
জাফরউল্লাহ চৌধুরীর এমন বক্তব্যে ছাত্র ইউনিয়নের নেতা-কর্মীরা ক্ষুব্ধ হন জানিয়ে ছাত্র ইউনিয়নের ও মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির অভিযোগ তুলে তার বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেন রুদাদ।
ছাত্র ইউনিয়নের শরীয়তপুর জেলা সংসদের সভাপতি সাইফ রুদাদ বলেন, কাদের মোল্যা একজন প্রতিষ্ঠিত ও প্রমাণিত যুদ্ধাপরাধী, রাজাকার এবং মানবতাবিরোধী অপরাধী ছিলেন। মানবতাবিরোধী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ তাকে মৃত্যুদণ্ড দেয় এবং তা কার্যকর করা হয়েছে। তার মতো ঘৃণ্য ব্যক্তিকে ছাত্র ইউনিয়নের সঙ্গে জড়িয়ে বক্তব্য দিয়ে ডা. জাফরউল্লাহ চৌধুরী ইতিহাস বিকৃতি করেছেন। তাই তার বিরুদ্ধে জেলা ও দায়রা জজ আদালতে মানহানির মামলা করেছি।
বাদীর আইনজীবী আজিজুর রহমান রোকন বলেন, জাফরউল্লাহ চৌধুরীর বিরুদ্ধে দায়ের করা মানহানি মামলাটি আদালত আমলে নিয়েছেন। জেলা ও দায়রা জজ প্রশান্ত কুমার বিশ্বাস আদেশ দিয়েছেন জাফরউল্লাহ চৌধুরীকে হাজির হওয়ার সমন জারি করতে।
