আইনমন্ত্রী-সালমান এফ রহমানের ফোনালাপের তদন্ত দাবি ফখরুলের

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২২, ০৮:৫২ পিএম

আইনমন্ত্রী আনিসুল হক ও সরকারের উপদেষ্টা সালমান এফ রহমানের ফাঁস হওয়া ফোনালাপের বিষয়টি পর্যালোচনা ও তদন্তসহ জনগণের কাছে সত্য তুলে ধরার দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার বিকেলে গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান। 

সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, ‘সম্প্রতি আইনমন্ত্রী আনিসুল হক ও সরকারের উপদেষ্টা সালমান এফ রহমানের ফাঁস হওয়া ফোনালাপটির সত্যতা আইনমন্ত্রী স্বীকার করেছেন। তাই ফোনালাপের বিষয়বস্তু গুরুত্ব সহকারে পর্যালোচনা করা দরকার। পাশাপাশি ফোনালাপের আলোচিত বিষয়গুলো সম্পর্কে নিরপেক্ষ তদন্ত করে জনগণের কাছে সত্য তুলে ধরা এবং জবাবদিহি অত্যন্ত জরুরি। দুর্নীতি দমন কমিশনকে নিরপেক্ষ ভাবে বিষয়টির তদন্ত এবং কার্যকরী ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছে।’

আওয়ামী লীগের মুখে গণতন্ত্রের কথা মানায় না উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেছেন, ‘তাদের মুখে গণতন্ত্রের কথা আর ভূতের মুখে রাম নাম একই কথা। তারা গণতন্ত্রে বিশ্বাস করে না, নিজেরা অনুশীলন করে না এবং অন্যদেরও সুযোগ দেয় না।’

সার্চ কমিটির কার্যক্রমকে তামাশা বলে দাবি করে তিনি বলেন, ‘আমরা আগেই বলেছি নির্বাচন কমিশন (ইসি) গঠনের জন্য সরকারের সার্চ কমিটির কাছে নাম পাঠানোর বিষয়টি অর্থহীন। এর একমাত্র লক্ষ্য হচ্ছে জনগণকে বিভ্রান্ত করা, একটা আইওয়াশ দেয়া। দেশের জনগণ ও বিশ্ববাসীকে দেখানোর জন্য এ আইওয়াশ করছে সরকার।

তিনি বলেন, আওয়ামী লীগের অধীনে ২০১৪ ও ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচন ও স্থানীয় সরকার নির্বাচনে এই সত্য প্রমাণিত হয়েছে। বিএনপি বিশ্বাস করে ক্ষমতাকে কুক্ষিগত রাখার নীল নকশার অংশ হিসেবে পুনরায় ইসি গঠনে সরকারি তৎপরতা শুরু হয়েছে।

বিএনপি মহাসচিব বলেন, এই অবৈধ সরকারকে পদত্যাগ করে নিরপেক্ষ সরকারের নিকট ক্ষমতা হস্তান্তর করতে হবে। সেই সরকার নিরপেক্ষ ইসি গঠন করবে।

বিএনপি মহাসচিব বলেন, ‘মালয়েশিয়ায় কর্মী প্রেরণের সরকারি পৃষ্ঠপোষকতায় সিন্ডিকেটের অপতৎপরতা, নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি যেমন চাল, ডাল, তেলের মূল্য বৃদ্ধি এবং জ্বালানি তেল, গ্যাস ও পানির মূল্য ধাপে ধাপে বৃদ্ধিতে স্বল্প বিত্ত, মধ্য বিত্ত, শ্রমজীবী মানুষ চরম ভোগান্তিতে রয়েছে। ’

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত