নবাবগঞ্জে স্কুলে বোরকা পরা ছাত্রীদের হেনস্তার অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২২, ০৫:০৭ পিএম

ঢাকার নবাবগঞ্জ উপজেলার শিকারীপাড়ার টিকেএম উচ্চ বিদ্যালয়ে বোরকা পরে বিদ্যালয়ে আসায় ছাত্রীরা হেনস্তার শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

শিক্ষার্থীরা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক কাজী আব্দুল মুন্নাফের বিরুদ্ধে এমন অভিযোগ করেন।

নাম প্রকাশ না করার শর্তে শিক্ষার্থীরা বলেন, ‘আমরা বোরকা পরে স্কুলে আসায় দীর্ঘদিন ধরে আমাদের নানা রকম ইঙ্গিত, বাজে ব্যবহার, গালাগালি, মারধর ও বিদ্যালয় থেকে বের করে দেয়ার হুমকি দিচ্ছেন শিক্ষক কাজী আব্দুল মুন্নাফ।

শিক্ষার্থীরা আরও বলেন, স্যার আমাদেরকে নানাভাবে বিরক্ত করে আসছেন। তিনি কারণে অকারণে আমাদের হাত ধরেন। আমরা স্যারকে যদি বলি স্যার হাত না ধরেও তো কথা বলা যায়। স্যার আমাদের বলেন তোদের হাত না ধরলে আমার কথা বলতে ভালো লাগে না। এমনকি কথা বলতে বলতে আমাদের মাথায়, পিঠেও হাত দেন তিনি।

শিক্ষার্থীরা আরও বলেন, এতদিন স্যারের ভয়ে আমরা অনেক কিছু সহ্য করছি, কিন্তু আর না। তাই আমরা এখন স্যারের এমন কুরুচি চরিত্রের বিরুদ্ধে কথা বলতে বাধ্য হচ্ছি।

জানা যায়, কাজী আব্দুল মুন্নাফ শিকারীপাড়া ইউপি চেয়ারম্যান আলিমুর রহমান খান পিয়ারার বোন জামাতা হওয়ার কারণে অভিভাবক ও ছাত্র-ছাত্রীরা ভয়ে এতদিন কিছুই বলেননি।

নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন পরীক্ষার্থী বলেন, মঙ্গলবার আমরা বিদ্যালয়ে অ্যাসাইনমেন্ট জমা ও আনার জন্য বোরকা পরে বিদ্যালয়ে প্রবেশ করি। আমাদের বোরকা পড়ে আসাটা কাজী আব্দুল মুন্নাফ স্যারের নজরে আসে। আমরা ক্লাসে প্রবেশ করলে তিনিও একটু পরে আমাদের ক্লাসে প্রবেশ করেন। তিনি এসেই উচ্চ মেজাজে আমাদের সকলকে বোরকা খুলতে বলেন। আমরা বোরকা খুলতে অস্বীকৃতি জানালে তিনি আমাদের মারধর করার চেষ্টা করেন এবং আজেবাজে কথা বলেন। শুধু তাই নয় তিনি সকল ছাত্র-ছাত্রীদের সামনে আমাদের বোরকা খুলতে বাধ্য করেছেন।

ভুক্তভোগী শিক্ষার্থীদের অভিভাবকেরা বলেন, ‘ভাই আমাদের হাত-পা বাঁধা। তারা প্রভাবশালী, এ জন্য কিছু বলতে সাহস পাই না। আমরা স্যারের এই আচরণে মর্মাহত।’

বোরকা পরতে বাধা দেওয়াসহ তার বিরুদ্ধে আসা নানা অভিযোগের কারণ জানতে চাইলে কাজী আব্দুল মুন্নাফ তার সমস্ত দোষ স্বীকার করে দুঃখ প্রকাশ করেন।

এ ব্যাপারে জানতে চাইলে নবাবগঞ্জ উপজেলা শিক্ষা কর্মকর্তা সিদ্দিকী নূর আলম বলেন, বিষয়টি আমার জানা ছিল না। আমি এখনই পদক্ষেপ গ্রহণ করছি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত