গাজীপুরের শ্রীপুরে সুফিয়া আক্তার (২০) নামের এক পোশাক শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার রাতে পৌর সভার ৪ নম্বর ওয়ার্ডের ছাপিলাপাড়া গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ আটক করেছে।
নিহত সুফিয়া আক্তার বরমী ইউনিয়নের দুর্লভপুর গ্রামের শফিকুল ইসলামের মেয়ে।
তিনি স্বামীসহ ছাপিলাপাড়া এলাকায় একটি বাড়িতে ভাড়ায় থেকে সফটটেক্স পোশাক কারখানায় চাকরি করতেন।
নিহতের স্বজনরা বলেন, সুফিয়া আক্তার দ্বিতীয় বিয়ে করার পর পরিবারের সঙ্গে তেমন যোগাযোগ করতেন না। আগের স্বামীর কাছ থেকে পালিয়ে শাকিল নামে একজনকে বিয়ে করেন। এরপর থেকে আমাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন। বুধবার রাতে আমরা সুফিয়ার মৃত্যুর খবর পাই পুলিশের কাছ থেকে। পুলিশ লাশ উদ্ধার করেছে।
শ্রীপুর মডেল থানার ওসি (অপারেশন) গোলাম সরোয়ার বলেন, পুলিশ খবর পেয়ে মরদেহ উদ্ধার করেছে। স্বামীকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এ ঘটনায় পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও এ পুলিশ কর্মকর্তা নিশ্চিত করেন।
