দুর্নীতির মামলায় নড়াইল জেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক পৌরমেয়র অ্যাডভোকেট সোহরাব হোসেন বিশ্বাসসহ ১১ জনকে পাঁচ বছর সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা করে জরিমানা করেছে যশোর স্পেশাল জজ আদালত।
তৎকালীন নড়াইল পৌরসভার মেয়র অ্যাডভোকেট সোহরাব হোসেন বিশ্বাস, কমিশনার ও ইঞ্জিনিয়ারসহ ১১ জনকে এই দণ্ড দেয়া হয়েছে।
নড়াইলের রূপগঞ্জ হাট ইজারা দুর্নীতি মামলায় বৃহস্পতিবার স্পেশাল জজ (জেলা ও দায়রা জজ) মোহাম্মদ সামছুল হক এক রায়ে এ দণ্ডাদেশ দিয়েছেন।
রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন দুর্নীতি দমন কমিশনের পিপি অ্যাড. সিরাজুল ইসলাম।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- নড়াইল পৌরসভার তৎকালীন মেয়র অ্যাডভোকেট সোহরাব হোসেন বিশ্বাস, তৎকালীন কাউন্সিলর খন্দকার আল মনসুর বিল্লাহ, কাউন্সিলর আহম্মদ আলী খান, কাউন্সিলর তেলায়েত হোসেন বাবু, ইজারাদার রফিকুল ইসলাম, ইজারাদার রাধে কুন্ডু, ইজাজুল হাসান বাবু, ইজারাদার জিল্লুর রহমান, হাট ইজারাদার এইচএম সোহেল রানা, তৎকালীন পৌর সচিব শফিকুল আলম, সাবেক সহকারী প্রকৌশলী ওয়াজিহুর রহমান।
মামলার অভিযোগে জানা গেছে, আর্থিকভাবে লাভবান হওয়ার উদ্দেশ্যে নীতিমালা ২০০২-এর ৩(ঘ) অনুচ্ছেদ ভঙ্গ করে আসামিরা ১৪১২ বঙ্গাব্দের হাটবাজার ইজারা দেন। আসামিরা নড়াইল পৌরসভার রূপগঞ্জ সাধারণ হাট ও নড়াইল বাস টার্মিনাল ইজারা দিয়ে ৭ লাখ ৮১ হাজার ২০ টাকা ও ১৪১১ বঙ্গাব্দে একই হাট ৪ লাখ ৪১ হাজার টাকা আদায় করেন। সর্বমোট ১২ লাখ ২২৮০ টাকা পৌরসভায় জমা না দিয়ে তারা তা আত্মসাৎ করেন।
এ ব্যাপারে দুর্নীতি দমন কমিশন সমন্বিত যশোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ওয়াজেদ আলী গাজী দুর্নীতি প্রতিরোধ আইনে ২০০৮ সালের ৭ আগস্ট নড়াইল সদর থানায় মামলা করেন। এ মামলার তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা সহকারী পরিচালক ওয়াজেদ আলী গাজী পৌর মেয়র, কাউন্সিলর, ইঞ্জিনিয়ার সচিবসহ ১১ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন। পরবর্তীতে মামলাটি বিচারের জন্য স্পেশাল ট্রাইব্যুনাল জজ আদালতে প্রেরণ করা হয়।
এই মামলায় সাক্ষ্যগ্রহণ শেষে আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক প্রত্যেককে পাঁচ বছর করে সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে ৬ মাস করে সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন।
একই সঙ্গে আত্মসাৎকৃত ১২ লাখ ২২৮০ টাকার মধ্যে আসামি জিল্লুর রহমান এক লাখ ৮৬ হাজার ৬০ টাকা, সোহেল রানা তিন লাখ ৫২ হাজার ১২০ টাকা, রাধে কুন্ডু তিন লাখ ৫০ হাজার, রকিবুল ইসলাম এক লাখ ৮৫ হাজার, ইজাজুল হাসান এক লাখ ৪৮ হাজার নয়শত টাকা পরিশোধ করবেন।
সাজাপ্রাপ্ত এজাজুল হাসান, জিল্লুর রহমান ও রকিবুল হাসান বাদে সকলেই কারাগারে আটক আছেন।
এর আগে ২০১৭ সালের ২৬ সেপ্টেম্বর দুর্নীতির মামলায় অ্যাডভোকেট সোহরাব হোসেন বিশ্বাসসহ ৮ জনের ৭ বছরের সশ্রম কারাদণ্ড এবং এক লাখ ৯৬ হাজার ৬৬৫ টাকা জরিমানা, অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ড হয়।
দুদকের মামলায় রায় ঘোষণার কয়েক দিন পর ওই বছরের ২ অক্টোবর যশোর স্পেশাল জজ আদালতে হাজির হলে তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেয়া হয়। এরপর সোহরাব হোসেন বিশ্বাসকে সাময়িক বরখাস্ত করে স্থানীয় সরকার বিভাগ। পরে ওই মামলায় উচ্চ আদালত থেকে জামিন নিয়ে স্বপদে বহাল হন তিনি।
