কক্সবাজারের উখিয়ার বালুখালীতে বিয়ের এক মাসের মাথায় এক গৃহবধূর রহস্যজনক ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ওই গৃহবধূর পরিবার এটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে অভিযোগ করছেন।
বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার পালংখালী ইউপির বানুর বাপেরখীল এলাকায় ওই গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, একই এলাকার নুর হোসেনের সঙ্গে গত এক মাস আগে উখিয়ার ঘাট এলাকার আবদুল হামিদ মনুর মেয়ে রোকসানা আকতার সাবু ওরফে রুক্সির পারিবারিকভাবে বিয়ে হয়।
বিয়ের এক মাসের মাথায় রুক্সির ঝুলন্ত মরদেহ পাওয়া যায় আজ। রুক্সির পরিবার জানান, এই মৃত্যু রহস্যজনক। তার মরদেহ রহস্যজনক ভাবে ঝুলে রাখা হয়েছে।
রুক্সির মা ফরিদা জানান, ‘গতরাতে মোবাইল করে রুক্সি জানিয়েছিল, মা আমাকে নিয়ে যাও। আজ তাকে নিয়ে আসার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম; তার আগেই মৃত্যুর খবর এল। রুক্সিকে পরিকল্পিতভাবে মেরে লাশ ঝুলিয়ে রাখা হয়েছে বলে দাবি করেন তিনি।’
পালংখালী ইউপির প্যানেল চেয়ারম্যান, ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ফজল কাদের ভুট্টো জানান, পারিবারিক কলহে আত্মহত্যার ঘটনা ঘটেছে বলে শুনেছি।
উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আহমেদ সঞ্জুর মোরশেদ বলেন, পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করেছে। আত্মহত্যা প্ররোচনায় কেউ জড়িত থাকলে তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
