অল ইউরোপিয়ান বাংলা প্রেসক্লাবের দ্বিবার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২২, ১০:২৩ পিএম

ইউরোপে মূলধারার সাংবাদিকদের পরিবার খ্যাত ‘অল ইউরোপিয়ান বাংলা’ প্রেসক্লাবের দ্বিবার্ষিক সম্মেলন স্পেনের রাজধানী মাদ্রিদে এক উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। এ সম্মেলনে আয়ারল্যান্ডের জাহিদ মোমিন চৌধুরী সভাপতি ও স্পেনের বকুল খান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

স্পেনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ সারওয়ার মাহমুদ বর্ণাঢ্য এ সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।

এ সময় তিনি প্রবাসী সাংবাদিকদের উদ্দেশে বলেন, সাংবাদিকদের অনেক দায়বদ্ধতা রয়েছে এবং সেই দায়বদ্ধতার জায়গা থেকে যদি সত্য এবং বস্তুনিষ্ঠ তথ্য পরিবেশন করতে পারে তাহলেই দেশ, সমাজ এবং রাষ্ট্র উপকৃত হবে।

অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন, ডয়েচে ভেলে বাংলার প্রধান খালেদ মুহিউদ্দীন।

প্রবাসের মাটিতে সাংবাদিকরা যেন বড় ধরনের ভূমিকা রাখতে পারে, সে জন্য সাংবাদিকতার বিষয়ে আরো বেশি দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি।

আয়েবাপিসির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক সেলিম আলমের সভাপতিত্বে এবং সদস্যসচিব লাবণ্য চৌধুরীর পরিচালনায় উদ্বোধনী অধিবেশনে ইউরোপের বিভিন্ন দেশ থেকে আগত সাংবাদিকরা বক্তব্য রাখেন।

মাদ্রিদের একটি পাঁচ তারকা হোটেলের বলরুমে আয়োজিত এই দ্বিবার্ষিক সম্মেলনে কমিউনিটির জন্য যারা বিশেষ অবদান রেখেছেন তাদের সম্মাননা প্রদান করা হয় আয়েবাপিসির পক্ষ থেকে।

সাংবাদিকদের এ সংগঠনের নেতৃবৃন্দ মনে করেন, বিভিন্ন দেশের অনেক প্রবাসী রয়েছেন যারা কমিউনিটি, দেশ ও দেশের মানুষের কল্যাণে নানা ধরনের ভূমিকা রেখে যাচ্ছেন। তাদের উদ্বুদ্ধ করতেই আমাদের এ প্রচেষ্টা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত