মেঘনা নদীতে আবার ধরা পড়ল রাজা ইলিশ, দাম ৬ হাজার!

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২২, ১১:৩৪ পিএম

ভোলার মেঘনা নদীতে জেলের জালে আবার ধরা পরলো একটি রাজা ইলিশ। দুই কেজি ৫০ গ্রাম ওজনের ইলিশটি দেখতে ভিড় জামাচ্ছেন স্থানীয়রা।

বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে মেঘনা তীরের সদর উপজেলাধীন তুলাতুলি মৎস্য ঘাটে ডাকে অর্থাৎ নিলামের মাধ্যমে বিক্রি হয় রাজা ইলিশটি।

তুলাতুলি মৎস্য ঘাটের আড়ৎদার মো. আব্দুল খালেক মেম্বার জানান, বৃহস্পতিবার বিকেলে কাচিয়া ইউনিয়নের জেলে মো. কামরুল মাঝি তুলাতুলি মেঘনা নদীতে ইলিশ শিকার করার সময় তার জালে অন্যান্য সাইজের ইলিশের সঙ্গে ওই দুই কেজি ওজনের রাজা ইলিশটি ধরা পড়ে। এরপর ওই জেলে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আমার আড়তে নিয়ে আসে। পরে আমি এটা ওপেনে ডাক বা নিলামের ডাকলে ৪৫০০ টাকা দামে তুলাতুলি ঘাটের মৎস্য বেপারী মো. কামাল হোসেন কিনে নেন।

তুলাতুলি মৎস্য ঘাটের মৎস্য বেপারি মো. কামাল হোসেন জানান, নিলাম ডাকলে অনেক বেপারি ওই রাজা ইলিশটি কিনতে আগ্রহ প্রকাশ করেন। পরে আমি সর্ব্বোচ ৪৫০০ টাকা দামে কিনে নিই।

তিনি আরো জানান, বরিশাল ও ঢাকার পাইকারী মোকামে রাজা ইলিশের অনেক দাম পাওয়া যায়। তাই আমি এত বেশি দাম দিয়ে কিনেছি। এটি আমি সাড়ে ৫ হাজার থেকে ৬ হাজার টাকায় বিক্রি করতে পারব।

ওই ঘাটের মো. ইমতিয়াজ আহমেদ নাছিম জানান, ঘাটে নিয়ে আসলে খুচরা ও পাইকারী ক্রেতাসহ স্থানীয়রা মাছটি দেখতে আবার কেউ কিনতে ভিড় জমায়।

তিনি আরো জানান, কয়েক দিন আগে শনিবার (১২ ফেব্রুয়ারি) বিকেলেও এক কেজি ৮০০ গ্রামের আরেকটি রাজা ইলিশ ধরা পড়ে। আমরা মনে করি মৎস্য বিভাগের গত অভিযানগুলো সফল হওয়ায় নদীতে বর্তমানে রাজা ইলিশ ধরা পরছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত