ইন্টারপোল প্রধানের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২২, ০২:০৩ এএম

ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন ইন্টারপোলের সভাপতি মেজর জেনারেল ড. আহমেদ নাসের আল রাইছির সঙ্গে বৈঠক করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। গত বুধবার দুবাইয়ে ওই বৈঠকে বাংলাদেশে জঙ্গিবাদসহ সন্ত্রাসী কার্যক্রম নিয়ন্ত্রণে থাকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূয়সী প্রশংসা করেন নাসের আল রাইছি।

গতকাল বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপু দেশ রূপান্তরকে এ তথ্য জানান। তিনি বলেন, বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীকে প্রশিক্ষণ দেওয়া ও গোয়েন্দা তথ্য বিনিময়সহ সব ধরনের সন্ত্রাস নির্মূল কার্যক্রমে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন ইন্টারপোলের সভাপতি।

শরীফ মাহমুদ অপু জানান, একই দিন সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা প্রদেশের শাসক শেখ হামাদ বিন মোহাম্মদ আল সারকীর সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। আলোচনাকালে দুই নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সময় হতে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের সম্পর্ক নিয়ে আলোকপাত করেন। দুই দেশের মধ্যে রাজনৈতিক সম্পর্ক বৃদ্ধি ও উন্নয়নে যৌথভাবে কাজ করার ওপরও গুরুত্বারোপ করেন তারা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত