বিজ্ঞাপন শুটিং শেষে করোনা নেগেটিভ হয়ে ফিরলেন সাকিব

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২২, ০৩:১৭ পিএম

বিপিএলের অষ্টম আসরের ফাইনালের আগে ফের ‘সাকিব বিতর্ক’। আগেরদিন শিরোপা নিয়ে আনুষ্ঠানিক ফটোসেশনে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়ক ইমরুল কায়েস উপস্থিত থাকলেও ছিলেন না ফরচুন বরিশালের অধিনায়ক সাকিব আল হাসান।

তার পরিবর্তে ফটোসেশনে আসেন সহ-অধিনায়ক নুরুল হাসান সোহান। সাকিবের অনুপস্থিতির প্রসঙ্গে ফরচুন বরিশালের পক্ষ থেকে জানানো হয়, পেটের পীড়ায় ভুগছেন ৩৪ বছর বয়সী অলরাউন্ডার। যার কারণে ফটোসেশনে যেতে পারেননি সাকিব।

তবে পরবর্তীতে জানা যায়, একটি বিজ্ঞাপনের কাজে অংশ নিতে বৃহস্পতিবার দলের সুরক্ষা বলয় ছেড়ে বের হয়েছিলেন তিনি। সুরক্ষা বলয় ভাঙায় সাকিবের ফাইনালে খেলা নিয়েও শঙ্কা তৈরি হয়।

তবে ফাইনালে আগে করোনা পরীক্ষায় নেগেটিভ এসেছে বরিশাল অধিনায়কের। যার ফলে কুমিল্লার বিপক্ষে ফাইনালে সাকিবের অংশগ্রহণ নিয়ে কোনো শঙ্কা থাকছে না।

বিপিএলের আগে বাংলাদেশে সব আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেট অনুষ্ঠিত হয়েছে জৈব সুরক্ষা বলয়ে। তবে এবারের বিপিএলে জৈব সুরক্ষা বলয় থেকে বেরিয়ে অলিম্পিকের সুরক্ষা নীতি অনুসরণ করছে বিসিবি।

এই সুরক্ষা নীতির নিয়ম অনুযায়ী, কোনো ক্রিকেটার বা দলের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি যদি বলয় ভেঙে বাইরে যায় তবে ফের প্রবেশের সময় তার করোনা পরীক্ষা করাতে হবে। নেগেটিভ রিপোর্ট এলে তবেই দলের সঙ্গে যোগ দিতে পারবেন তিনি।

এই নিয়মে সাকিবও বিজ্ঞাপনের কাজ শেষ করে করোনা পরীক্ষা করান। যেখানে পরীক্ষার ফল নেগেটিভ এসেছে তার।

শুক্রবার বিকেলে মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে বিপিএলের ফাইনালে মুখোমুখি হবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও ফরচুন বরিশাল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত