খুলনায় পুকুর থেকে মণি ও মুক্তা নামে আড়াই মাসের যমজ শিশুকন্যার লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার ভোরে তেরখাদা উপজেলার ছাগলাদহ ইউনিয়নের কুশলা গ্রামের একটি পুকুর থেকে ভাসমান অবস্থায় লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ শিশু দুটির মা, বাবা, নানা ও নানিকে আটক করেছে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, তেরখাদা উপজেলার কুশলা গ্রামের খায়ের শেখের মেয়ে কণা সন্তান প্রসবের আগে পাশর্^বর্তী বাগেরহাটের মোল্লাহাট উপজেলার গাংনী গ্রামের শ্বশুরবাড়ি থেকে এসে বাবার বাড়িতে থাকত। আড়াই মাস আগে মণি ও মুক্তা নামে কণার দুটি যমজ শিশু জন্ম নেয়। কণার স্বামী মাসুম বিল্লাহ একটি ওষুধ কোম্পানিতে চাকরি করেন। তিনি মাঝেমধ্যে শ্বশুরবাড়িতে এসে থাকতেন। গত বৃহস্পতিবার রাতে তিনি গাংনীতে ছিলেন। ওইদিন রাতে কণা খাবার খেয়ে দুই শিশুকন্যাকে নিয়ে ঘুমিয়ে পড়েন। রাত সাড়ে ৩টার দিকে তিনি দেখেন তার পাশে শিশু দুটি নেই। তার চিৎকারে বাড়ির লোকজন ও প্রতিবেশীরা ঘুম থেকে উঠে পাশশ্ববর্তী পুকুরে শিশু দুটির ভাসমান লাশ দেখতে পান। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে তেরখাদা থানা পুলিশ ভাসমান অবস্থায় ওই দুই শিশুর লাশ উদ্ধার করে।
তেরখাদা থানার ওসি জহুরুল আলম জানান, শুক্রবার ভোরে পুকুর থেকে ভাসমান অবস্থায় যমজ শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য শিশু দুটির মা, বাবা, নানা ও নানিকে আটক করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
