হেলিকপ্টারে মাকে নিয়ে আসছেন নিয়াজ মোর্শেদ রাজিব- এমন খবর আগেই প্রচার হয় গ্রামে। দৃশ্যটি দেখতে সহস্রাধিক লোক জড়ো হয় ওই রাস্তায়। হেলিকপ্টার থেকে নেমে আসার পরই মা-ছেলেকে ফুল দিয়ে বরণ করেন গ্রামের মানুষ।
ঘটনাটি ঘটেছে রবিবার বেলা ১২টার দিকে শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার নাগেরপাড়া ইউনিয়নের ছোট কাচনা গ্রামে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ছোট কাচনা গ্রামের মৃত মাস্টার মতিউর রহমান বাঘার ছেলে নিয়াজ মোর্শেদ রাজিব (৩৬)। এক যুগ ধরে ইতালির রোমে থাকেন। গতকাল শনিবার সকাল ৮টার দিকে ঢাকায় আন্তর্জাতিক শাহজালাল বিমানবন্দরে পৌঁছান তিনি।
পরে মা নার্গিস বেগমের (৬৫) স্বপ্ন পূরণ করতে হেলিকপ্টার ভাড়া করেন। রবিবার দুপুর ১২টার দিকে ঢাকা পুরাতন বিমানবন্দর থেকে হেলিকপ্টারে মাকে নিয়ে ছোট কাচনা গ্রামের খান বাড়ির মাঠে নামেন রাজিব।
গ্রামবাসী বলেন, আমাদের অজপাড়া গাঁয়ে এই প্রথম হেলিকপ্টার এসে নামলো। হেলিকপ্টার ও রাজিবের মাকে দেখতে এসেছি।
নিয়াজ মোর্শেদ রাজিব বলেন, আমার মায়ের স্বপ্ন ছিল হেলিকপ্টারে গ্রামের বাড়িতে আসবে। মায়ের প্রতি ভালোবাসা থেকে চেষ্টা করেছি। মায়ের স্বপ্ন পূরণ করতে পেরে ভালো লাগছে, আনন্দ লাগছে। অনেক দিন পর গ্রামের লোকদের দেখে খুবই ভালো লাগছে। হেলিকপ্টারে আমি, মা, বোন, খালাতো ভাই ও খালাতো বোন এসেছি।
রাজিবের মা নার্গিস বেগম বলেন, আমার আশা ও স্বপ্ন পূরণ করেছে ছেলে রাজিব। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি।
নাগেরপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোজাম্মেল হক বলেন, হেলিকপ্টারে করে রাজিব তার মাকে গ্রামে এনেছেন। হেলিকপ্টারের এমন খবর পেয়ে গ্রামের সহস্রাধিক মানুষ জড়ো হয়েছিল। এটা মায়ের প্রতি ছেলের অন্যরকম ভালোবাসা।
