রোমাঞ্চকর জয়ে অজিদের বিপক্ষে হোয়াইটওয়াশ এড়াল লঙ্কানরা

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২২, ০৪:৪২ পিএম

শেষ ওভারের রোমাঞ্চে অস্ট্রেলিয়ার বিপক্ষে হোয়াইটওয়াশ এড়াল শ্রীলঙ্কা। পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ৫ উইকেটের জয় পেয়েছে লঙ্কানরা। তবে সিরিজ ৪-১ ব্যবধানে জিতে নিয়েছে অস্ট্রেলিয়া।

লক্ষ্য তাড়া করতে নেমে ওপেনার-উইকেটরক্ষক কুশল মেন্ডিসের দুর্দান্ত ফিফটিতে এক বল হাতে রেখে ১৫৫ রান করে শ্রীলঙ্কা। তার আগে ৬ উইকেটে ১৫৪ রান করে স্বাগতিক দল। 

জয়ের জন্য শেষ ওভারে লক্ষানদের দরকার ছিল ৯ রান। তৃতীয় বলে ছয় মেরে স্কোর সমতায় আনেন অধিনায়ক দাসুন শানাকা। কিন্তু পরের বলে সাজঘরে ফেরেন তিনি। পঞ্চম বলে এক রান নিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় শ্রীলঙ্কা।  

image

ওপেনিংয়ে নেমে অপরাজিত থেকে মাঠ ছাড়েন মেন্ডিস। তার ৫৮ বলে ৬৯ রানের ইনিংসটি সাজানো ছিল ৫ চার ও ১ ছয়ে। দলকে জয়ের বন্দরে পৌঁছে দেওয়ার পথে চারিথ আসালাঙ্কার (২০) সঙ্গে ৩০ ও শানাকার (৩৫) সঙ্গে ৮৩ রানের জুটি গড়েন তিনি। ম্যাচ সেরাও হয়েছেন মেন্ডিস।

এর আগে মেলবোর্নে টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুতেই দুই ওপেনার অ্যারন ফিঞ্চ ও বেন ম্যাকডেরমটকে হারায় অস্ট্রেলিয়া। এরপর জশ ইংলিশের ২৩, গ্লেন ম্যাক্সওয়েলের ২৯, মার্কাস স্টয়নিসের ১৭, উইকেটরক্ষকের ম্যাথু ওয়েডের অপরাজিত ৪৩ ও ড্যানিয়েল শামসের ১৮ রানের সুবাদে লড়াকু পুঁজি পায় স্বাগতিক দল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত