নোয়াখালীর চাটখিল উপজেলায় চাকরির প্রলোভন দেখিয়ে স্বামী পরিত্যক্তা ও এক সন্তানের জননী এক নারীকে (২৩) ধর্ষণের অভিযোগ উঠেছে।
পাঁচগাঁও ইউনিয়ন যুবলীগের একাংশের সাধারণ সম্পাদক ফুয়াদ আল মতিনের (৩০) বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে। তিনি একই ইউনিয়নের আবু তারাব গ্রামের বাসিন্দা।
রবিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের পাল্লা বাজারে ওই যুবলীগ নেতার ইন্স্যুরেন্স অফিসে এ ধর্ষণের ঘটনা ঘটে।
নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ভুক্তভোগী নারী অভিযোগ করে বলেন, কিছুদিন পূর্বে তিনি ঢাকা থেকে গ্রামে ফিরে আসেন। ফিরে আসার পর থেকে যুবলীগ নেতা ফুয়াদ তাকে চাকরি দেওয়ার প্রলোভন দেখায়। রবিবার সকাল সাড়ে ১০টার দিকে তিনি আমাকে চাকরির ইন্টারভিউ দিতে ডেকে নেশা জাতীয় দ্রব্য খাইয়ে অচেতন করে ধর্ষণ করেন।
ওই সময় ফুয়াদের আরেক সহযোগী ধর্ষণের ভিডিও মুঠোফোনে ধারণ করেন। পরে ওই সহযোগীও ধর্ষণের চেষ্টা করেন। একই সঙ্গে বিষয়টি কাউকে জানালে ধর্ষণের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল করে দেওয়ার হুমকি দেন তারা।
ভুক্তভোগী ওই নারী আরও বলেন, তারপর ঘটনাস্থল থেকে একটি সিএনজিচালিত অটোরিকশায় উঠিয়ে দিয়ে আমাকে ঘটনাস্থল ত্যাগ করতে বাধ্য করেন। সিএনজি অটোরিকশা চালক আমাকে চাটখিল পল্লিবিদ্যুৎ অফিসের পাশে ফেলে রেখে যান। এরপর স্থানীয় এক সিএনজিচালিত অটোরিকশার সহযোগিতা নিয়ে হাসপাতালে আসি।
জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) সৈয়দ মহিউদ্দিন আবদুল আজিম জানান, ভুক্তভোগীর ডাক্তারি পরীক্ষা করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আগামীকাল অন্য পরীক্ষা করা হবে।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবুল খায়ের জানান, গণমাধ্যমকর্মীদের কাছ থেকে ঘটনাটি শুনে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযুক্তদের গ্রেপ্তার করতে অভিযান চলছে। ভুক্তভোগী ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
