রাষ্ট্রপতির কার্যালয়ে চাকরির নামে অর্থ আত্মসাৎ, গ্রেপ্তার ৩

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২২, ১০:১২ পিএম

রাষ্ট্রপতির কার্যালয়ে চাকরি দেয়ার কথা বলে অর্থ আত্মসাৎকারী চক্রের মূলহোতাসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার দুপুরে গ্রেপ্তারদের ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।

এর আগে শনিবার রাতে আশুলিয়ার বিভিন্ন স্থানে অভিযান চালিতে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (ইন্টেলিজেন্স) মো. জামাল শিকদার।

গ্রেপ্তাররা হলেন- বরিশালের উজিরপুর থানার কুরুলিয়া গ্রামের লিটন বাড়ৈ (৪৫), লিটন বাড়ৈর ছেলে ইম্মানুয়েল প্রান্ত বাড়ৈ (২৭) ও গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানার বিশ্বনাথপুর গ্রামের রাসেল মোল্লা (২৪)।

থানা-পুলিশ জানায়, ইতিমধ্যে গ্রেপ্তাররা জাতীয় সংসদের লোগো ও প্যাড ব্যবহার করে রাষ্ট্রপতির কার্যালয়ে চাকরি দেয়ার কথা বলে ভুয়া নিয়োগপত্র প্রদানের মাধ্যমে তিনজন চাকরি প্রত্যাশীর কাছ থেকে প্রায় ৬ লাখ টাকা হাতিয়ে নিয়েছে।

চাকরি প্রত্যাশীদের মধ্যে ভুক্তভোগী হেজবুল্লাহ প্রতারক রাসেল মোল্লার সঙ্গে একই প্রতিষ্ঠানে কাজ করতেন। কিন্তু কিছুদিন আগে রাসেল মোল্লা হঠাৎ চাকরি ছেড়ে দেন। পরে হেজবুল্লাহর সঙ্গে দেখা হলে রাসেল বলেন, তার রাষ্ট্রপতির কার্যালয়ে চাকরি হয়েছে। হেজবুল্লাহকেও তিনি চাকরি নিয়ে দিতে চান। একপর্যায়ে রাষ্ট্রপতির কার্যালয়ে ডেটা এন্ট্রি অপারেটর পদে চাকরি দেয়ার কথা বলে প্রতারণার ফাঁদ পাতেন রাসেল। সেই ফাঁদে হেজবুল্লার সঙ্গে পা দেয় মো. মাসুদ ও বিপ্লব হোসেন। তাদের চাকরি দেয়ার জন্য ১৮ লাখ টাকা দাবি করে প্রতারক চক্রটি।

পরে বিভিন্ন সময়ে তাদের কাছ থেকে সর্বমোট ৫ লাখ ৭০ হাজার টাকা হাতিয়ে নিয়ে জাতীয় সংসদের প্যাড ও লোগো সংবলিত ভুয়া নিয়োগপত্র প্রদান করে প্রতারক চক্রের সদস্যরা।

চাকরি প্রার্থীদের কাছে সন্দেহ হওয়ায় তারা আশুলিয়া থানায় লিখিত অভিযোগ দিলে পুলিশ তিন প্রতারককে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা পেয়েছে পুলিশ।

আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (ইন্টেলিজেন্স) মো. জামাল শিকদার বলেন, গ্রেপ্তারদের বিরুদ্ধে করা মামলায় পাঁচ দিনের রিমান্ড চেয়ে রবিবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে। চক্রটির সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

‘এ ছাড়া সংসদ ভবনের কর্মকর্তারাও ইতিমধ্যে বিষয়টি অবগত হয়েছেন। বিষয়টি অত্যন্ত গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত