রংপুরে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সদস্য পদে এক প্রার্থীকে বিজয়ী করতে সাড়ে ৪ লাখ টাকা ঘুষ নেওয়ার অভিযোগে মিঠাপুকুর উপজেলা নির্বাচন কর্মকর্তা আবদুল হান্নানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়েছে।
গত রবিবার নির্বাচন কমিশনের (ইসি) সচিব হুমায়ুন কবীর স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়েছে। গতকাল সোমবার দুপুরে রংপুর কার্যালয়ে আদেশের কপি আসার কথা সাংবাদিকদের জানিয়েছেন সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ফরহাদ হোসেন।
এ ঘটনায় ৩ ফেব্রুয়ারি নির্বাচন কমিশন সচিবালয়ের নির্দেশে আবদুল হান্নানকে তাৎক্ষণিক দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে কুড়িগ্রাম জেলা নির্বাচন অফিসে সংযুক্ত করা হয়। একই সঙ্গে ১০ কার্যদিবসের মধ্যে ঘুষ গ্রহণের বিষয়ে তার কাছে ব্যাখ্যা চাওয়া হয়। আবদুল হান্নানের ব্যাখ্যা পাওয়ার পর গত রবিবার নির্বাচন কমিশন এ সিদ্ধান্ত নিল।
