নারীকে হাত-পা বেঁধে চুল কেটে পালালেন স্বামী, ননদ আটক

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২২, ০৩:৪৭ পিএম

লক্ষ্মীপুরে যৌতুক না দেওয়ায় এক নারীকে (২০) হাত-পা বেঁধে মারধরের পর তার চুল কেটে দেওয়ার অভিযোগ উঠেছে স্বামী ও ননদের বিরুদ্ধে।

মঙ্গলবার সকালে ওই নারীর ননদকে আটক করেছে পুলিশ। ওই নারীর স্বামী ঘটনার পর থেকে পলাতক রয়েছে বলে জানান লক্ষ্মীপুর সদর থানার ওসি জসিম উদ্দিন।

স্থানীয় সূত্র জানায়, ভোলা সদর উপজেলার ইলিশা ইউনিয়নের পূর্ব দিশাপুর গ্রামের ওই নারীর পারিবারিকভাবে তিন বছর আগে বিয়ে হয়। পারিবারিক কলহের জেরে পেশায় জেলে স্বামী বিয়ের পর থেকেই তাকে মারধর করে আসছিল।

রবিবার সন্ধ্যায় স্বামী ও ননদের সঙ্গে ওই নারীর আবার বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে ননদ তাকে এলোপাতাড়ি মারধর শুরু করে। হাত-পা বেঁধে রাতভর মারধর শেষে স্বামী ও ননদ মিলে ওই নারীর মাথার সামনের চুল কেটে দেয়। পরে হাত-পা বেঁধে রেখেই স্বামী পালিয়ে যায়।

ওসি জানান, খবর পেয়ে ওই নারীর সঙ্গে দেখা করেন তারা। পরে তার দেওয়া মৌখিক অভিযোগের ভিত্তিতে তার ননদকে আটক করা হয়। দুইজনই থানায় নেওয়ার প্রক্রিয়া চলছে। এ ঘটনায় মামলা হলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত