র‍্যাবের ওপর মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারে মামলার সিদ্ধান্ত এ সপ্তাহে

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২২, ১১:০৩ পিএম

র‍্যাব ও এর ৭ বর্তমান-সাবেক কর্মকর্তাদের বিরুদ্ধে গত বছরের ডিসেম্বরে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার বিরুদ্ধে মার্কিন আদালতে মামলা করার বিষয়ে সরকার এ সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নিতে পারে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

প্রতিমন্ত্রী বলেন, আমাদের হয়ে কথা বলতে এবং আমাদের পক্ষে আইনি লড়াইয়ের জন্য প্রতিনিধি নিয়োগের সিদ্ধান্তের খুব কাছাকাছি পৌঁছেছি আমরা।

সরকার এ বিষয়ে এ পর্যন্ত ৩টি আইন সংস্থার সঙ্গে কথা বলেছে এবং এ সপ্তাহে বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

শাহরিয়ার আলম বলেন, আমরা এমন একটি প্রতিষ্ঠানকে নিয়োগ দিতে চাই, যারা আমাদের (র‌্যাবের বিরুদ্ধে নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে) সবচেয়ে ভালো পরামর্শ দিতে পারবে।

তিনি বলেন,'নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য ঢাকা একই সঙ্গে আইনি ও কূটনৈতিক উভয় ধরনের প্রচেষ্টা চালাবে।

বিচারবহির্ভূত হত্যা ও গুমের মতো মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে র‌্যাবের বিরুদ্ধে ওই নিষেধাজ্ঞা দিয়েছিল যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট। এ দিকে নিষেধাজ্ঞা পুনর্বিবেচনার জন্য ঢাকা ইতোমধ্যে ওয়াশিংটনকে চিঠি দিয়েছে।

নিষেধাজ্ঞার কারণে সম্পর্কের যতটুকু অবনতি হয়েছে, তার উন্নতিতে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করছে। আগামী মার্চ থেকে মে মাসের মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের অংশীদারিত্ব, নিরাপত্তা এবং বাণিজ্য ও বিনিয়োগ বিষয়ক অন্তত ৩টি বৈঠকের সময় নির্ধারণ করা হয়েছে।

প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, এই বৈঠকগুলো যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের আরও বেশি সম্পৃক্ত হতে সাহায্য করবে।

তিনি বলেন, র‌্যাব ও বাংলাদেশের বিরুদ্ধে যেন কোনো নেতিবাচক প্রচারণা না হয়, সে বিষয়ে ঢাকা কূটনৈতিক তৎপরতা শুরু করেছে।

তার মতে, র‌্যাবের বিরুদ্ধে নিষেধাজ্ঞা প্রত্যাহারের ইস্যুতে বাংলাদেশের তৃতীয় কোনো দেশের সাহায্য নেওয়ার প্রয়োজন নেই।

তিনি বলেন, আইনি বা কূটনৈতিক প্রচেষ্টায় বাংলাদেশ যথেষ্ট সক্ষম। আমরা এই ইস্যুতে তৃতীয় কোনো দেশকে জড়াতে চাই না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত