রাজধানীর উত্তরায় পুলিশের একটি গাড়ির ধাক্কায় মো. সিদ্দিকুর রহমান (৩৩) নামে মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গিয়েছে।
মঙ্গলবার সকালে উত্তরার কসাইবাড়ি রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে। তবে পুলিশ বলছে, পুলিশের গাড়ি নাকি অন্য কোনো গাড়ির ধাক্কায় তিনি মারা গেছেন তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এলাকার সিসি ফুটেজ সংগ্রহ করে ঘাতক গাড়ির শনাক্তের চেষ্টা চলছে।
সিদ্দিকের গ্রামের বাড়ি নাটোর সদর উপজেলার বড় হরিষপুর। তার বাবার নাম আব্দুর রব। উত্তরা আজমপুর বটতলা ৪ নম্বর সেক্টর এলাকায় থাকতেন তিনি।
নিহতের স্ত্রী মোছা. মাহমুদা পারভীন জানান, সিদ্দিকুর রহমান বসুন্ধরা গ্রুপে চাকরি করতেন। অফিসে যাওয়ার জন্য সকাল সাড়ে ৯টার দিকে বাসা থেকে মোটরসাইকেল নিয়ে বের হন। পরে কসাইবাড়ি রেলগেট এলাকায় যাওয়া মাত্রই একটি গাড়ি মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, ঘটনাস্থলে থাকা লোকজন জানান, পুলিশের একটি গাড়ি সিদ্দিকের মোটরসাইকেলটিকে ধাক্কা দিয়েছে। আশা করি পুলিশ ঘাতক গাড়িটি শনাক্ত করবে।
উত্তরা পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল ইসলাম বলেন, প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি, একটি লরি ওই যুবককে ধাক্কা দিয়েছে। ঘটনাটি আমরা তদন্ত করছি। তদন্তে পুলিশের গাড়ি দায়ী হলে এর বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। আশা করি দ্রুত সময়ের মধ্যে গাড়িটি শনাক্ত করা সম্ভব হবে।
