নরসিংদীর মনোহরদীতে নয়ন মিয়া (৪২) নামে এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে ছুরিকাঘাতে খুনের অভিযোগ উঠেছে।
মঙ্গলবার রাতে উপজেলার লেবুতলা ইউনিয়নের গাংকুলকান্দি গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিবেশী হিমন মিয়া তাকে ছুরিকাঘাতে হত্যা করেন। পরে বুধবার সকালে পুলিশ মরদেহ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে।
নিহত নয়ন মিয়া লেবুতলা ইউনিয়নের গাংকুলকান্দি এলাকার নায়েব আলীর ছেলে। তার স্ত্রী জর্ডান প্রবাসী। তার দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। আর হিমন মিয়া (২৪) একই এলাকার আক্কাছ মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, নয়ন মিয়া মানসিক ভারসাম্যহীন ছিলেন। তার চুল ও দাড়ি লম্বা ছিল। মঙ্গলবার সন্ধ্যায় তার চুল ও দাড়িতে টান দেন প্রতিবেশী হিমন মিয়া।
এ নিয়ে নয়ন ও হিমনের মধ্যে ঝগড়া বেধে যায়। পরে এই ঝগড়াকে কেন্দ্র করে মধ্যরাতে নয়ন মিয়াকে বাড়ির পাশে ছুরিকাঘাতে হত্যা করে হিমন পালিয়ে যায়। পরে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
নিহতের বড় ভাই রমিজ উদ্দিন বলেন, গভীর রাতে মারামারির শব্দ শুনতে পেয়ে বাইরে গিয়ে দেখি নয়ন ও হিমন মাটিতে গড়াগড়ি খাচ্ছে। দুইজনের শরীরই রক্তে ভরা ছিল। আমাকে দেখে নয়ন বলে ভাই আমাকে বাঁচা, আমাকে মেরে ফেলছে। সাথে সাথে আমি বাড়িতে গিয়ে লোক নিয়ে এসে দেখি হিমন নয়নকে মেরে পালিয়ে গেছে। আমার ভাই কিছুটা পাগল ছিল। কিন্তু সে কখনো কারও ক্ষতি করেনি।
মনোহরদী থানার উপপরিদর্শক (এসআই) কবির উদ্দিন বলেন, নিহতের বুকে একাধিক ছুরিকাঘাত করা হয়েছে। প্রাথমিকভাবে জানতে পেরেছি চুল আর দাড়িতে টান দেওয়াকে কেন্দ্র করে ঝগড়া থেকেই এই ঘটনা ঘটেছে। আমরা আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছি।
