দুদকের বরখাস্ত উপ-সহকারী শরিফ উদ্দিনকে পুনর্বহালের দাবি বিএনপির

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২২, ০৭:১১ পিএম

দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপ-সহকারী পরিচালক শরিফ উদ্দিনকে বরখাস্তের ঘটনায় বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করে তাকে পুনর্বহালের দাবি জানিয়েছে বিএনপি।

বুধবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়। এতে মঙ্গলবার রাতে অনুষ্ঠিত বিএনপির স্থায়ী কমিটির ভার্চুয়াল সভার সিদ্ধান্ত জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপ-সহকারী পরিচালক শরিফ উদ্দিনের মতো একজন সৎ কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত করার ঘটনায় বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করেছেন দলের স্থায়ী কমিটির সদস্যরা। তারা বলেছেন, শরিফ উদ্দিনকে বরখাস্ত করার মাধ্যমে প্রমাণিত হয়েছে, দুদকের সব কর্মকর্তারা নিজেরাই দুর্নীতিকে প্রশ্রয় দিচ্ছে এবং বিরোধী দল দমনে সরকারের হাতিয়ার হিসেবে কাজ করছে।

এতে বলা হয়, শরিফ উদ্দিন কক্সবাজারে দুর্নীতিতে জড়িত রাজনীতিক ও সরকারি কর্মকর্তাদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করার কারণেই তাকে বরখাস্ত হতে হয়েছে। বিএনপি অবিলম্বে এই বিষয়টার সম্পূর্ণ নিরপেক্ষ তদন্ত দাবি করছে। সভা মনে করে, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দুর্নীতিতে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও বিচারের আওতায় নিয়ে আসার কার্যকরী ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং শরিফ উদ্দিনকে পুনরায় কাজে বহাল করতে হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদ ও মূল্য হ্রাসে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবিতে আগামী সপ্তাহে দেশব্যাপী মহানগর, জেলা ও উপজেলা পর্যায়ে বিক্ষোভ সমাবেশ করবে বিএনপি। এছাড়া হাট সভা ও হ্যান্ডবিল বিতরণের কর্মসূচি পালন করবে দলটি।

দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত ভার্চুয়াল সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মাহমুদ চৌধুরী, বেগম সেলিমা রহমান ও ইকবাল হাসান মাহমুদ টুকু।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত