‘আমাদের পরিবারেও ছেলে-মেয়েকে সমান চোখে দেখা হয় না’!

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২২, ০৮:৪০ পিএম

পরিবারের ছেলে সন্তানদের তুলনায় মেয়ে সন্তানদের যে সামান্য হলেও অন্য চোখে দেখা হয়, তা নিয়ে সরব হলেন অমিতাভ বচ্চনের নাতনি নভ্যা নভেলি নন্দা। এমনকি তার নিজের পরিবারেও এই বিষয়টি রয়েছে সেকথাও অকপটে স্বীকার করলেন অমিতাভ-নাতনি। অমিতাভ-কন্যা শ্বেতা বচ্চন এবং তার স্বামী নিখিল নন্দার সন্তান নভ্যা। তার একটি ছোট ভাইও রয়েছে। নাম তার অগস্ত্য।

শি দ্য পিপল-কে দেওয়া এক সাক্ষাৎকারে এই প্রসঙ্গে নভ্যা বলেছেন, ‘এরকম খানিকটা আমাদের বাড়িতেও রয়েছে। ধরুন, যখনই দেখি বাড়িতে কোনও অতিথি আসছেন আমার মা সবসময় আমাকেই এগিয়ে দেন তাদের স্বাগত জানানোর জন্য। কিংবা ধরুন, তাদের আপ্যায়নে যেন কোনও ত্রুটি না থাকে তা দেখভাল করার জন্য। অদ্ভুত লাগে এই ভেবে যে আমার ভাইও তো রয়েছে, তাকে তো বলা হয় না। সেও তো আমারই মতো এই ব্যাপারগুলো সামলাতে পারে’।

image

 

সামান্য থেমে নভ্যার সংযোজন, ‘বিশেষ করে একান্নবর্তী পরিবারে এই ব্যাপারটাই হয়ে থাকে। অতিথিদের আদর-আপ্যায়ন কিংবা দেখভালের বিষয়টি সবসময় মেয়েদের উপর চাপিয়ে দেওয়া হয়। সেই বাড়িতে পুরুষ থাকলেও, তাদের উপর কখনোই এই নির্দেশ দেওয়া হয় না। আমার মনে হয়, এই ব্যাপার-স্যাপারগুলোর মাধ্যমেই একজন মেয়ের মনের মধ্যে এই ধারণাগুলো বদ্ধমূল করে দেওয়া হয় যে বাড়ি সামলানোর দায়িত্বটা স্রেফ মেয়েদেরই!’

অমিতাভ-নাতনির এই মনোভাবের প্রশংসা করেছেন নেটপাড়ার বাসিন্দারা। সেই তালিকায় রয়েছেন প্রখ্যাত পরিচালক জোয়া আখতারও।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত